হংকংয়ে সবচেয়ে কম ভোটের রেকর্ড, চীন বলল ভবিষ্যৎ উজ্জ্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে ভোট গণনা। হংকং, চীন, ১৯ ডিসেম্বর
ছবি: এএফপি

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে আইনসভার নির্বাচনে ৩০ শতাংশ ভোট পড়েছে। বার্তা সংস্থা এএফপি খবরে বলা হয়েছে, ১৯৯৭ সালে হংকং ব্রিটিশ উপনিবেশ থেকে চীনের অধীন আসার পর সবচেয়ে কম ভোট পড়ার রেকর্ড হলো এ বছর।

গতকাল রোববার সেখানে ভোট হয়। তবে এরপরও হংকংয়ের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে চীনের কেন্দ্রীয় সরকার।

আজ সোমবার চীন বলেছে, হংকংয়ে গণতন্ত্রে ভবিষ্যৎ উজ্জ্বল। এই নির্বাচনে মূলত চীনপন্থী প্রার্থীরা জয়লাভ করেছেন।

চীনের এই অঞ্চলে জাতীয় নিরাপত্তা আইন কার্যকরের পর থেকে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভের জেরে অনেকেই গ্রেপ্তার হয়েছে। এরপর নিয়ন্ত্রণ আরও কঠোর করতে সেখানকার নির্বাচনব্যবস্থারও সংস্কার করা হয়। এরপর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

এর আগে ২০১৬ সালে হংকংয়ে নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে ভোট পড়েছিল ৫৮ শতাংশ। নির্বাচনে অর্ধেকেরও বেশি আসনে জয়লাভ করেছিল গণতন্ত্রকামী অধিকারকর্মীরা। কিন্তু হংকংয়ের নতুন করে দমনপীড়ন শুরুর তাঁদের অনেকেই এখন কারাগারে রয়েছেন।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এমন গণতন্ত্রকামীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের সুযোগ কমিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া নিজেকে ‘দেশপ্রেমিক’ প্রমাণ করে ভোট অংশ নিতে হয়েছে। এরপর নির্বাচন নিয়ে হংকংবাসীর মধ্যে আগ্রহ কমে যায়।

এই দিকে নির্বাচন নিয়ে চীন সরকারের নথিতে বলা হয়েছে, হংকংয়ে আইনকানুন প্রতিষ্ঠা হয়েছে। সেখানকার গণতন্ত্র সঠিক পথে রয়েছে।