২৫ দিনের বিলম্ব বদলে দিল বিশ্ব
চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে আগেই সতর্ক করেছিলেন দেশটির বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। তাঁদের এই সতর্কতা সত্ত্বেও এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের প্রথম আনুষ্ঠানিক সাড়া দিতে কেটে যায় অন্তত ২৫ দিন। তত দিনে করোনা ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়ে। চীনা কর্তৃপক্ষের এই ২৫ দিনের বিলম্বের ফলে বদলে যায় পুরো বিশ্ব। প্রাণঘাতী করোনা মহামারিতে আক্রান্ত হয় পুরো বিশ্ব।
দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি চীন সরকারের নথি, অভ্যন্তরীণ সূত্র, সাক্ষাৎকার, গবেষণা, বইপত্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ব্যবহার করে এ প্রতিবেদন করেছে।
প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস নিয়ে চীনে প্রকৃত অর্থে প্রথম সতর্কতা উচ্চারণ করা হয়েছিল ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। এমনকি এর আগেই চীনা চিকিৎসক ও বিজ্ঞানীরা ‘অজ্ঞাত’ ভাইরাসটির তথ্য সামনে এনে সতর্ক করেছিলেন। কিন্তু তখন উহান ও বেইজিংয়ের কর্মকর্তারা সংক্রমণের মাত্রা গোপন করেছেন কিংবা সতর্কতার বিষয়ে পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চলতি বছরের ২৩ জানুয়ারি উহান লকডাউন করেন। সংক্রমণ দেশজুড়ে ছড়িয়ে পড়া ঠেকাতে উহান লকডাউনের সিদ্ধান্ত ছিল এ বিষয়ে চীনের প্রথম কোনো সুস্পষ্ট ও বড় পদক্ষেপ।
উহান লকডাউনের আগে চীনা কর্তৃপক্ষ দেশটির এক খ্যাতিমান চিকিৎসককে জরুরি মিশনে সেখানে পাঠিয়েছিল। মূলত উহানে উৎপত্তি হওয়া ‘অজ্ঞাত’ নতুন ভাইরাসের বিষয়টি তদন্ত করে দেখার জন্য তাঁকে সেখানে পাঠানো হয়েছিল।
ঝং নানশান নামের ওই চিকিৎসক উহানের পরিস্থিতি দেখে দারুণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি উদঘাটন করেন, সেখানে ভাইরাসটি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। পরে তিনি এ বিষয়ে দ্রুত সতর্কতার জন্য বেইজিংকে বলেন। এর চার দিন পর উহান লকডাউন করা হয়।
নিউইয়র্ক টাইমস বলছে, সারা বিশ্বে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে উহান লকডাউন করার সিদ্ধান্তটি বেশ বিলম্বিত পদক্ষেপ ছিল। চীনের এই বিলম্বিত প্রাথমিক সাড়ার পরিণতিতে ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
করোনা সমস্যার তীব্রতা বেইজিং স্বীকার করার কয়েক সপ্তাহ আগে দেশটির বিজ্ঞানী ও বেসরকারি ল্যাবরেটরিগুলো করোনাভাইরাস শনাক্ত করে। এমনকি তারা ভাইরাসটির জিনও ম্যাপ করে।
ভাইরাসটি নিয়ে চীনা বিজ্ঞানীরা তাঁদের সহকর্মীদের সঙ্গে তখন আলাপ-আলোচনা করেন। তাঁরা এ বিষয়ে সতর্ক করার চেষ্টাও করেন। কিছু কিছু ক্ষেত্রে তাঁরা কর্তৃপক্ষকে সতর্কও করেন এবং এ জন্য সংশ্লিষ্টদের মূল্যও দিতে হয়েছে।
সাংহাইয়ের এক শীর্ষ ভাইরোলজিস্ট ঝাং ইয়ংঝেন বলেন, ‘আমরাও সত্য বলেছিলাম। কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। আর তা ছিল সত্যিই দুঃখজনক।’