৫ দিনে ৯৪ লাখ মানুষের শহরে করোনা পরীক্ষা করবে চীন
মাত্র পাঁচ দিনে একটা পুরো শহরে করোনা পরীক্ষা সম্পন্ন করতে চায় চীন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
চীনা শহরটির নাম খিংতাও। বন্দর শহরটি চীনের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত। শহরটির জনসংখ্যা প্রায় ৯৪ লাখ।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার জানান, শহরটিতে করোনার মৃদু সংক্রমণ শনাক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা পাঁচ দিনের মধ্যে পুরো শহরে করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা ঠিক করেছে।
কয়েক মাসের মধ্যে এই প্রথম দেশটির কোনো এলাকায় গণহারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
শহরটির পৌর স্বাস্থ্য কমিশন আজ এক বিবৃতিতে জানায়, গতকাল রোববার খিংতাও শহরে নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হয়।
মূলত এই ঘটনার পরই পুরো শহরে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
পৌর স্বাস্থ্য কমিশনের বিবৃতিতে বলা হয়, তিন দিনের মধ্যে শহরের পাঁচটি জেলায় করোনা পরীক্ষা শেষ করা হবে। আর পাঁচ দিনের মধ্যে পুরো শহরে করোনা পরীক্ষা সম্পন্ন হবে।
ইতিমধ্যে শহরে করোনা পরীক্ষা শুরু হয়ে গেছে। স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে শনাক্তের পর শহরের ১ লাখ ৪০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মেডিকেল ইনস্টিটিউশনগুলোর কর্মী ও নতুন ভর্তি হওয়া রোগী।
চীনের ব্যাপকভিত্তিক ও দ্রুত করোনার নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে।
গত জুনে চীনের রাজধানী বেইজিংয়ের একটা বড় অংশে গণহারে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল।
করোনার উৎপত্তিস্থল চীন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা পুরো চীনে ছড়িয়ে পড়ে। চীন থেকে ছড়ায় সারা বিশ্বে।
চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কঠোর বিধিনিষেধ আরোপের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় চীন।