বাদুড়ের কারণে অনুষ্ঠান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: রয়টার্স

কোনো প্রাণী রাস্তা পার হবে, এ জন্য গাড়ি থামিয়ে রাখা কিংবা রাস্তার পাশে ম্যানহোল থেকে কোনো প্রাণী উদ্ধার—এমন ঘটনা প্রায়ই দেখা যায় পশ্চিমা বিশ্বের দেশগুলোয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি স্কুল তাদের হোমকামিং ড্যান্স অনুষ্ঠানই স্থগিত করেছে এমন ঘটনাকে কেন্দ্র করে। তবে সেটা ঠিক কোনো প্রাণীর রাস্তা পার হতে সাহায্য করা কিংবা উদ্ধারের জন্য নয়। সেখানকার একটি স্কুলের জিমে বাদুড় পাওয়া গেছে। এ কারণে স্থগিত করা হয়েছে অনুষ্ঠান।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার ডেভিস সিনিয়র হাইস্কুলে। মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, এই স্কুলে অনুষ্ঠান ছিল গত শনিবার। কিন্তু এ অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে।

জিমে বাদুড় খুঁজে পাওয়ার ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিল কর্তৃপক্ষ। এরপর তারা ইয়োলো কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল ও বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করে। এরপর কর্তৃপক্ষ ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানায়, তারা ওই অনুষ্ঠানের সময় চাইলেও বাদুড়গুলো সরাতে পারবে না।

ডেভিস জয়েন্ট ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়, ‘দুঃখের বিষয় হলো, স্কুলে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার আর কোনো পথও আমরা খুঁজে পাইনি। আমরা এ অনুষ্ঠান পরে একসময় আয়োজন করব। শিগগিরই এ তথ্য জানানো হবে।’

নর্দান ক্যালিফোর্নিয়া ব্যাটস নামে বাদুড় উদ্ধারকারী একটি প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন কর্কি কুয়ার্ক। তিনি বলেন, অযাচিতভাবে সেখানে যে বাদুড়গুলো ওই স্কুলে বাসা বেঁধেছে, সেগুলো মেক্সিকান ফ্রি-টেইল বাদুড় নামে পরিচিত। বসন্ত ও শরৎকালে সেখানে বাদুড়গুলো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে।

যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য হোমকামিং ড্যান্স একটি জাঁকালো অনুষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রাক্তন শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় ক্যাম্পাসে নাচ, কনসার্ট, ফুটবল ম্যাচসহ বিভিন্ন আয়োজন করা হয়। সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুর দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠানটি আরেকটি কারণে বেশি গুরুত্বপূর্ণ। সেটি হলো, করোনা মহামারির প্রকোপ কমে এসেছে। এ প্রসঙ্গে মার্ক নামের ওই স্কুলে এক শিক্ষার্থী বলেন, এবারের হোমকামিং স্বাভাবিক জীবনে ফিরে আসার একটা প্রতীক।