বয়স্কদের ক্ষেত্রে ‘স্পুতনিক লাইট’ ৮৩.৭% পর্যন্ত কার্যকর: রাশিয়া

রাশিয়ার ‘স্পুতনিক লাইট’ টিকার ডোজ
ছবি: রয়টার্স

রাশিয়ার ‘স্পুতনিক লাইট’ টিকা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ৮৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কার্যকর। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।

রাশিয়ার ‘স্পুতনিক-ভি’ টিকার একটি সংস্করণ ‘স্পুতনিক লাইট’। ‘স্পুতনিক-ভি’ দুই ডোজের টিকা। অন্যদিকে ‘স্পুতনিক লাইট’ এক ডোজের টিকা।

গত মাসে ‘স্পুতনিক লাইট’ টিকার অনুমোদন দেয় রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এই টিকার অর্থায়নে রয়েছে আরডিআইএফ। অনুমোদনের সময় আরডিআইএফের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ায় ২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১৫ এপ্রিল পর্যন্ত গণটিকাদান কর্মসূচিতে স্পুতনিক লাইটের কার্যকারিতার তথ্য বিশ্লেষণ করা হয়। এতে স্পুতনিক লাইট করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

গতকাল আরডিআইএফ জানায়, আর্জেন্টিনার বুয়েনস এইরেস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, বয়স্ক (৬০-৭৯ বছর) ব্যক্তিদের ক্ষেত্রে ‘স্পুতনিক লাইট’ টিকা ৭৮ দশমিক ৬ থেকে ৮৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কার্যকর।

আরডিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা কিরিল দিমিত্রেভ বলেন, করোনার বেশি ঝুঁকিগ্রস্ত গোষ্ঠীতে থাকা বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে ‘স্পুতনিক লাইট’ টিকার উচ্চ কার্যকারিতার বিষয়টি বুয়েনস এইরেসের স্বাধীন তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রকাশিত প্রকাশনায় নিশ্চিত হয়েছে।

গত বছরের আগস্টে রাশিয়া ‘স্পুতনিক-ভি’ টিকার অনুমোদন দেয়। বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা এটি। রাশিয়ার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট এই টিকা তৈরি করেছে। এটিরও অর্থায়ন করেছে আরডিআইএফ।

আরও পড়ুন