‘মেলোডি’ চকলেট আর মোদি-মেলোনির ছবিতে ভাইরাল অনলাইন

ইতালির রোমে নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনি। ২০ মে ২০২৬ছবি: মোদির এক্স থেকে

রোমের ঐতিহাসিক কলোসিয়ামের সামনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মোদি পাশাপাশি দাঁড়িয়ে তোলা দুই সরকারপ্রধানের ছবিটি এক্সে পোস্ট করেছেন।

এক্সে মোদির পোস্ট করা আরেকটি ছবিতে দেখা গেছে, গাড়িতে পাশাপাশি বসা মোদি-মেলোনি। ভোরের আলোয় তোলা দুজনের পাশাপাশি দাঁড়ানো ছবিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অন্যদিকে মেলোনি নিজেও মোদির সঙ্গে তোলা সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেটিও ভাইরাল হয়েছে।

গত মঙ্গলবার রাতে ইতালির রাজধানী রোমে পৌঁছান নরেন্দ্র মোদি। এরপর তিনি মেলোনির সঙ্গে ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনে যান। সেখানে মেলোনিকে ‘মেলোডি’ ব্র্যান্ডের এক প্যাকেট চকলেট উপহার দেন মোদি। সে সময় হাস্যোজ্জ্বল ভিডিও করেন দুই দেশের সরকারপ্রধান।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেলোনির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, চকলেট উপহার পেয়ে বেশ খুশি হয়েছেন তিনি। তাই মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন। এ সময় ক্যামেরার দিকে তাকিয়ে দুজনে প্রাণখোলা হাসি হাসছিলেন। মেলোনি সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘উপহারের জন্য ধন্যবাদ।’

ভিডিওটি প্রকাশের ছয় ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মেলোনির অ্যাকাউন্টগুলোয় ১১ কোটিরও বেশি মানুষ সেটা দেখেছেন। হাজারো শেয়ার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এ ঘটনাকে প্রধানমন্ত্রী মোদির ‘রসবোধের এক অনন্য উদাহরণ’ হিসেবে বিবেচনা করছে।

বলা হচ্ছে, গতকাল বুধবার ছিল মোদি-মেলোনির দিন। রোমান কলোসিয়ামের সামনে তোলা ছবি, সেলফি আর ‘মেলোডি’ চকলেটে ইন্টারনেট মাতিয়ে রেখেছিলেন দুজনে।

পরে এক যৌথ বিবৃতিতে ইতালির প্রধানমন্ত্রী মোদির সম্পর্কে বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের ওপর ভিত্তি করে আমাদের মধ্যে এক অকৃত্রিম বন্ধুত্ব গড়ে উঠেছে।’

আলাপচারিতায় নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনি। ইতালির রোমে, ২০ মে ২০২৬
ছবি: মোদির এক্স থেকে

ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো ইতালিও ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বিবেচনা করে। ২০২৩ সালে দিল্লিতে জি-২০ সম্মেলনে এসেছিলেন মেলোনি। ওই সময় থেকে মোদির সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বজুড়ে নজর কেড়েছে।

মোদি ও মেলোনির নামের সঙ্গে মিলিয়ে রাখা তাঁদের ‘মেলোডি’ নামটিও নেটিজেনদের কাছে তুমুল জনপ্রিয়। এটা নিয়ে মজা করার জন্য হয়তো মোদি এবারের সফরে ইতালির প্রধানমন্ত্রীকে ‘মেলোডি’ ব্র্যান্ডের চকলেট উপহার দিয়েছেন।

চকলেট উপহারের মতো ছোট্ট একটি বিষয় এভাবে ভাইরাল হওয়ায় অবাক হয়েছেন অনেকে। যদিও দুই দেশের সরকারপ্রধানের এভাবে জনসমক্ষে রসিকতা করা ঠিক হয়েছে কি না, তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মতে, ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভারত যখন চরম অর্থনৈতিক চাপে আছে, তখন প্রধানমন্ত্রীর এমন আচরণ মোটেও সময়োপযোগী নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই ‘মেলোডি’–ঝড় লুফে নিয়েছে নামী করপোরেট ব্র্যান্ডগুলো। অনলাইন সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ব্লিনকিট’ জানায়, তাদের অ্যাপে ‘মেলোডি’ চকলেটের খোঁজ একলাফে অনেক বেড়েছে। এমনকি এয়ার ইন্ডিয়া এই চকলেট উপহারের রেশ ধরে রোম সফর নিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে।

মজার এক কাণ্ড ঘটেছে ভারতের শেয়ারবাজারে। মোদি-মেলোনির ভিডিওটি প্রকাশের পর ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের শেয়ারের দাম হুট করে ৫ শতাংশ বেড়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চকলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘পার্লে’ ভেবে বিনিয়োগকারীরা এই প্রতিষ্ঠানের শেয়ার কেনা শুরু করেছিলেন।

গতকাল সকালে রোমের ঐতিহাসিক ‘ভিলা ডোরিয়া পামফিলিতে’ বৈঠকে বসেছিলেন মোদি আর মেলোনি। এখানে ইতালি সফররত উচ্চপর্যায়ের বিদেশি নেতাদের অভ্যর্থনা জানানো হয়। বৈঠক শেষে তাঁরা দেশ দুটির বিশেষ বন্ধুতার নিদর্শন হিসেবে সেখানে একটি তুঁতগাছ রোপণ করেন।