রাশিয়ার গ্রামে ইউক্রেনের হামলায় নিহত ২
রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণে রাশিয়ার দুই নাগরিক নিহত হয়েছেন। সেখানকার গভর্নর আলেক্সান্ডার বোগোমাজের বরাতে রাশিয়ার বার্তা সংস্থা তাস এই তথ্য নিশ্চিত করেছে।
আলেক্সান্ডার বোগোমাজ বলেন, রাশিয়া–ইউক্রেনের সীমান্তবর্তী সুজেমকা গ্রামে এই হামলা হয়। এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেনের হামলায় দুজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। আরও দুটি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে জরুরি সেবাদাতা সংস্থাগুলোর কাজ চলছে।
এর আগে মস্কো নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের কর্মকর্তারা জানান, সেখানে ইউক্রেনের গোলার আঘাতে আট বছর বয়সী এক কন্যাশিশুসহ নয়জন নিহত হয়েছেন।
ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ২৫ জন নিহত হওয়ার পরদিন রাশিয়ার গ্রামে হামলায় প্রাণহানির খবর এল। এর আগে গতকাল শনিবার রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপের প্রধান বন্দরনগরী সেভাস্তোপলে একটি জ্বালানি সংরক্ষণাগারে সন্দেহভাজন ড্রোন হামলা হয়। এতে সেখানে ভয়াবহ আগুন লাগে।
ইউক্রেন সেনাবাহিনীর একজন গোয়েন্দা কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, শনিবারের হামলায় ১০টির বেশি জ্বালানির ট্যাংক ধ্বংস করা হয়েছে। এসব ট্যাংকে প্রায় ৪ লাখ টন তেল ছিল, যা কৃষ্ণসাগরে থাকা রাশিয়ান নৌবহরে ব্যবহার করা হতো।