চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বার্লিনে সমাবেশ

বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের সামনে প্রতিবাদ সমাবেশে প্রবাসী বাঙালিরা। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সাময়িক বরখাস্তের প্রতিবাদ জানানছবি: প্রথম আলো

ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে সমাবেশ হয়েছে। অংশগ্রহণকারীরা শিক্ষকের বরখাস্তের আদেশ প্রত্যাহার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

গতকাল রোববার (১১ অক্টোবর) বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের সামনে এ সমাবেশে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। সমাবেশে ওয়াহেদ চৌধুরীর স্ত্রী ও দুই সন্তান অংশ নেন।

গত ১২ সেপ্টেম্বর ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। ফেসবুকে বিতর্কিত একটি পোস্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, পোস্টটি তাঁর ব্যক্তিগত ও লক করা ফেসবুক প্রোফাইলে শুধু বন্ধুদের উদ্দেশে প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি গণতন্ত্র ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছিলেন।

ওয়াহেদ চৌধুরী জার্মানির বার্লিনে মিউজিয়াম ফর নাটুরকুন্ডেতে অতিথি বিজ্ঞানী হিসেবে গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ফ্রাঙ্কফুর্টের গ্যেটে বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও গবেষণায় সম্পৃক্ত।

সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।