পুতিন বেলারুশ যাচ্ছেন কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
রয়টার্স ফাইল ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সোমবার বেলারুশ সফরে যাচ্ছেন। মিত্র দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করতে তাঁর এ সফর। বেলারুশের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরুর ১০ মাসের মাথায় বেলারুশ সফরে যাচ্ছেন পুতিন। বেলারুশের ভূখণ্ডসহ বিভিন্ন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করেছিল মস্কো।

আজ বেলারুশের প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, মিনস্কে লুকাশেঙ্কোর কার্যালয় ইন্ডিপেনডেন্স প্যালেসে দুই নেতার মধ্যে আলোচনা হবে। পুতিন ও লুকাশেঙ্কো একে অপরের সঙ্গে মুখোমুখি বৈঠকের পাশাপাশি বেলারুশ ও রাশিয়ার মধ্যে সমন্বয় নিয়ে তাঁদের মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন।

অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বিভিন্ন ধরনের কর্মসূচি চালানোর ব্যাপারে মস্কো ও মিনস্ক অঙ্গীকারবদ্ধ।

মিনস্কের বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের প্রেসিডেন্ট তাঁদের আলোচনায় নিরাপত্তা ইস্যুগুলোকে প্রাধান্য দেবেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের ভাবনাগুলো পরস্পরের সঙ্গে বিনিময় করবেন। তবে ইউক্রেন নিয়ে কোনো আলোচনা হবে কি না তা, বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

১৯৯৪ সাল থেকে লুকাশেঙ্কো ক্ষমতায় আছেন। তিনি বারবারই বলেছেন ইউক্রেনে বেলারুশের সেনা পাঠানোর কোনো ইচ্ছে তাঁর নেই।

সবশেষ ২০১৯ সালে পুতিন বেলারুশ সফর করেন।

আরও পড়ুন