প্রদর্শনীতে হাজারো দর্শকের সামনে বিধ্বস্ত এফ-৪ যুদ্ধবিমান

গ্রিসের এথেন্সের দক্ষিণাঞ্চলীয় শহরতলি ফালিরোতে দেশটির বিমানবাহিনীর ‘প্যাট্রন সেন্ট’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ফ্লেয়ার (আলোর ফুলকি) ছুড়ছে একটি এফ-৪ই ফ্যান্টম যুদ্ধবিমান। ৬ নভেম্বর ২০১৬ছবি: রয়টার্স

গ্রিসের রাজধানী এথেন্সের অদূরে একটি সামরিক ঘাঁটিতে প্রদর্শনী চলাকালে বিমানবাহিনীর একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার দেশটির সরকারি সংবাদ সংস্থা এএনএ এই খবর জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঠিক কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলো, তা এখনো স্পষ্ট নয়। এর ভেতরে থাকা দুই পাইলটের ভাগ্যে কী ঘটেছে, তা-ও জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সরকারি সম্প্রচারমাধ্যম ইআরটির একজন সাংবাদিক জানান, যুদ্ধবিমানটি উড্ডয়নের পরপরই হঠাৎ উচ্চতা হারিয়ে নিচের দিকে নেমে যায় এবং বিধ্বস্ত হয়।

বিধ্বস্ত হওয়ার পরপরই সেখানে একটি বিস্ফোরণ ঘটে। বার্ষিক ‘এথেন্স ফ্লাইং উইক’ নামের বিমান প্রদর্শনী দেখতে আসা হাজারো দর্শকের সামনেই এই দুর্ঘটনা ঘটে।

ইআরটি জানিয়েছে, দুর্ঘটনার কারণে ছড়িয়ে পড়া আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী নিকোস ডেনডিয়াস দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য থেসালোনিকি আন্তর্জাতিক মেলায় যাওয়ার পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন।