এক লাইনের ডিক্রিতে ইউক্রেনের জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ছবি: রয়টার্স

ইউক্রেনের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বরখাস্ত কমান্ডারের নাম এডুয়ার্ড মোসকালিভ। গতকাল রোববার মাত্র এক লাইনের ডিক্রিতে তাঁকে বরখাস্ত করার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু বরখাস্তের কোনো কারণ উল্লেখ করেননি তিনি।

পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনীয় যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন মোসকালিভ। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। হামলার পর মার্চ থেকে মোসকালিভ এই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি যেসব ইউক্রেনীয় সামরিক কমান্ডারের সঙ্গে কথা বলেছেন, তাঁদের নামের তালিকা গত শুক্রবারের ভাষণে উল্লেখ করেছিলেন তিনি। এ তালিকায় মোসকালিভের নামও ছিল।

মোসকালিভের বরখাস্তের বিষয়ে ইউক্রেনের যৌথ বাহিনীর ফেসবুক বা টুইটার অ্যাকাউন্টে কিছু বলা হয়নি।

রুশ বাহিনী এখন দনবাস পুরোপুরি দখলের জন্য সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। জেলেনস্কি সম্প্রতি পূর্ব ইউক্রেনের সামরিক পরিস্থিতিকে কঠিন হিসেবে বর্ণনা করেছেন।