গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে জার্মান পুলিশ
সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে আটকের পর ছেড়ে দিয়েছে জার্মান পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিম জার্মানির একটি কয়লাখনিবিরোধী বিক্ষোভ থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ছেড়ে দেয় দেশটির পুলিশ। তবে আটকের সময়েই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, গ্রেটাকে গ্রেপ্তার করা হবে না।
জার্মান পুলিশ জানিয়েছে, গ্রেটা থুনবার্গকে পরিচয়পত্র (আইডি) যাচাইয়ের পরেই ছেড়ে দেওয়া হয়েছে।
পশ্চিম জার্মানির লুয়েতজারাত গ্রামে কয়লাখনি সম্প্রসারণে কাজ চলছে। এতে গ্রামটি ধ্বংস হয়ে যাবে বলে দাবি করে আসছেন পরিবেশ ও মানবাধিকারকর্মীরা। এর অংশ হিসেবে সেখানে প্রতিবাদ কর্মসূচি চলমান। তেমনই একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন গ্রেটা।
আটকের পরই জার্মান পুলিশ জানিয়েছিল, গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার দেখানো হবে না; বরং ব্যক্তিগত পরিচয়পত্র (আইডি) যাচাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভকারীদের একটি দল গাগসবাইলা-২ নামের ওই কয়লাখনির দিকে যাওয়ার সময় গ্রেটাকে তারা আটক করে। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি খনির ভেতরে লাফিয়ে পড়েছিলেন।
পুলিশের পক্ষ থেকে আরও নিশ্চয়তা দেওয়া হয় যে গ্রেটার সঙ্গে আটক অন্য ব্যক্তিদেরও ব্যক্তিগত পরিচয়পত্র যাচাই শেষে কোনো ধরনের অভিযোগ না দিয়ে ছেড়ে দেওয়া হবে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশের তিন সদস্য গ্রেটাকে অনেকটা কোলে করে নিয়ে যাচ্ছেন। এ সময় গ্রেটাকে হাসতে দেখা যায়।
আন্দোলনকারীরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা পোড়ানোয় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে জার্মানির প্রচেষ্টাকে দুর্বল করা হবে। দেশটি ২০৩০ সালের মধ্যে খনিসমৃদ্ধ নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে। জাতীয়ভাবে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০৩৮ সাল।
কয়লার প্রকরণগুলোর মধ্যে সবচেয়ে নোংরা কয়লা হলো লিগনাইট। লুয়েতজারাত গ্রামে এ কয়লাই বছরে পোড়ানো হয় আড়াই কোটি টন। গ্রামটি বর্তমানে জার্মান বহুজাতিক জ্বালানি কোম্পানি আরডব্লিউইয়ের মালিকানাধীন। ধারণা করা হচ্ছে, বাসিন্দারা গ্রাম ত্যাগের পরপরই লিগনাইট উত্তোলনের জন্য এলাকাটি ধ্বংস করা হবে।
আরডব্লিউই বলছে, চলতি শীতের শুরুতেই তাদের এই গ্রামের মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করা দরকার।