অভিষেকে রাজার প্রতি আনুগত্যের শপথ নিয়ে সমালোচনা
ব্রিটেনের রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক শনিবার। তাঁর রাজ্যাভিষেক উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়েছে। প্রথমবারের মতো অভিষেকের দিনে রাজার প্রতি আনুগত্য জানিয়ে শপথ নেওয়ার বন্দোবস্ত থাকছে সর্বস্তরের মানুষের জন্য। বিষয়টি নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে সমালোচনা। খোদ রাজা তৃতীয় চার্লসই এটি পছন্দ করবেন না বলে মনে করছেন কেউ কেউ।
এমনই একজন রাজা তৃতীয় চার্লসের ঘনিষ্ঠ বন্ধু ব্রিটিশ টেলিভিশন উপস্থাপক জোনাথন ডিমব্লেবি। বিষয়টি নিয়ে তিনি বিবিসি রেডিও ৪–এর ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, রাজা হিসেবে অভিষেক অনুষ্ঠানে সর্বস্তরের মানুষের উপস্থিত হয়ে আনুগত্য ঘোষণার এমন ধারণা রাজা তৃতীয় চার্লস হয়তো ‘জঘন্য’ বিষয় বলে বিবেচনা করবেন। এভাবে আনুগত্য প্রদর্শন তিনি কখনোই চান না।
এর আগে যুক্তরাজ্যের ইতিহাসে অভিষেকের দিনে রাজার প্রতি আনুগত্য জানিয়ে জনসাধারণের শপথ গ্রহণের মতো কোনো ঘটনা ঘটেনি। এবারই প্রথম এমন ব্যবস্থা থাকছে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্যান্টারবারির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি।
জাস্টিন ওয়েলবি অবশ্য এর আগে বলেছেন, শপথ নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক নয়। যাঁদের ইচ্ছা আছে, তাঁরাই শপথ নেবেন। গত সপ্তাহে তিনি বলেন, রাজার প্রতি আনুগত্য জানিয়ে জনসাধারণের শপথের বিষয়ে কোনো নাটকীয়তা নেই। একই সঙ্গে তিনি এ–ও বলেন, শপথ গ্রহণের বিষয়টি একটা আমন্ত্রণ, এটি কোনো নির্দেশ নয়।
রাজার অভিষেক উপলক্ষে সম্প্রতি ল্যাম্বেথ প্যালেস থেকে একটি স্তোত্রমালা প্রকাশ করা হয়েছে। সেখানেই শপথ গ্রহণের বিষয়টি সম্পর্কে জানা যায়। স্তোত্রমালায় তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
ল্যাম্বেথ প্যালেস জানিয়েছে, রাজা ও সরকারের সঙ্গে বিষয়ে বিস্তারিত আলোচনা করে স্তোত্রমালা তৈরি করা হয়েছে। প্যালেসের এক মুখপাত্র বলেন, সর্বস্তরের মানুষ রাজার অভিষেকের অনুষ্ঠানে তাঁর প্রতি আনুগত্য জানিয়ে সমস্বরে শপথ নেবেন।
যুক্তরাজ্যে গণতান্ত্রিক সংস্কারের পক্ষে প্রচারণা চালায় ‘রিপাবলিক’ নামের একটি সংগঠন। রাজার প্রতি আনুগত্য জানিয়ে শপথ গ্রহণের এ বিষয়ের সমালোচনা করেছে সংগঠনটি। তারা একে ‘আপত্তিকর ও অপমানজনক’ বলে বর্ণনা করেছে।
রাজ্যাভিষেক অনুষ্ঠানে থাকবেন জোনাথন ডিমব্লেবি। তাঁর মতে, ‘রাজার প্রতি আনুগত্য জানিয়ে শপথ নেওয়ার এই বিষয় নিয়ে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ, যে রাজাকে আমি চিনি, তাঁর সঙ্গে এটি যায় না।’
বিষয়টি নিয়ে রাজা কী ভাবছেন, এমন প্রশ্ন করা হলে ডিমব্লেবি বলেন, তিনি এ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানেন না। তবে একই সঙ্গে রাজার এই বন্ধু বলেন, তিন (রাজা) এর চেয়ে অন্য কোনো কিছুকে বেশি ঘৃণ্য মনে করবেন না। তিনি কখনো চান না তাঁর প্রতি আনুগত্য প্রদর্শন করা হোক।
ডিমব্লেবি বলেন, তাঁর কাছে মনে হয়েছে, আনুগত্য জানাতে এ শপথের ব্যবস্থা করার উদ্যোগটি আর্চবিশপের, যিনি মনে করেন, অভিষেকের দিনে সবাইকে রাজার প্রতি আনুগত্য জানানোর এমন একটি সুযোগ করে দেওয়া ভালো কোনো বিষয়।
এ নিয়ে বিবিসির ধর্মবিষয়ক সম্পাদক আলীম মকবুল বলেন, কার মাথা থেকে এই বুদ্ধি এল, এটি এখনো স্পষ্ট নয়। তবে এটি বিশ্বাস করার মতো না যে রাজা তৃতীয় চার্লসের প্রতি আনুগত্য প্রদর্শনে সর্বস্তরের মানুষের জন্য শপথ নেওয়া বা রাজ্যাভিষেকের দিনে অন্য আয়োজনগুলো নিয়ে বাকিংহাম প্যালেস আগে থেকে জানত না।