ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় ২৪ জন নিহত হওয়ার পর প্রতিশোধের হুমকি দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এরই মধ্যে রাশিয়ায় পাল্টা হামলা চালানোর অনুমতি দিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেন, তাঁর নির্দেশ অনুযায়ী রাশিয়ার রিয়াজান শহরে একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার কিয়েভের ওই ভবনে হামলা চালানো হয়। ওই ভবনে হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এদিন চলতি বছরে কিয়েভে সবচেয়ে বড় বোমাবর্ষণ করে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলছে, ১২ থেকে ১৫ মে পর্যন্ত ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে তারা। এ হামলার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন বলেছিলেন, যুদ্ধ শেষের দিকে।
২০২২ সাল থেকে চার বছরের বেশি সময় ধরে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চলছে। এ যুদ্ধ থামানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আবাসিক ভবনে হামলার পর তিনি বলেছেন, ইউক্রেনের রাজধানীতে চালানো এ হামলা যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান খোঁজার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।
বৃহস্পতিবারের হামলার পর ইউক্রেনে শুক্রবার শোক দিবস ঘোষণা করা হয়। ৩০ লাখ মানুষের শহর কিয়েভজুড়ে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।