ইউক্রেনজুড়ে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, নিহত ১২
ইউক্রেনজুড়ে আবার নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার দেশটির পূর্বাঞ্চলের দিনিপ্রো শহরে আবাসিক ভবনে চালানো হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।
কিয়েভ, খারকিভ, ওডেসা ও আরও বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের বেশির ভাগ এলাকা এখন অন্ধকারে।
এর আগে যুক্তরাজ্য বলেছে, ইউক্রেনের প্রতিরক্ষা খাতে সহায়তা দিতে তারা চ্যালেঞ্জার ২ ট্যাংক পাঠাবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ব্রিটিশ সেনাবাহিনীর যুদ্ধের প্রধান অস্ত্র চ্যালেঞ্জার্স রুশ সেনাদের পিছু হটাতে কিয়েভে নিযুক্ত বাহিনীকে সহায়তা করবে।
রাশিয়া বলেছে, ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহ করলে তাদের অভিযান আরও তীব্র হবে। আরও হতাহতের ঘটনা ঘটবে।
গতকাল ইউক্রেনীয়রা অর্থোডক্স নববর্ষ উদ্যাপন করেছেন। এদিন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বেসামরিক স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার হামলা তখনই বন্ধ হতে পারে, যখন ইউক্রেনের পশ্চিমা মিত্ররা প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করবে।
জেলেনস্কি দাবি করেন, তাঁর বাহিনী ৩০টির মধ্যে ২০টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে। তিনি বলেন, ‘আমাদের সেনারা যেসব অস্ত্রের জন্য অপেক্ষা করছে, সেসব অস্ত্র আমাদের মিত্রদের কাছে মজুত রয়েছে।’
দিনিপ্রোতে ৯ তলা একটি ভবনের প্রবেশপথে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ওই ভবনের বেশ কয়েকটি তলা বিধ্বস্ত হয়, আহত হন ৭৩ জন। তাঁদের মধ্যে ১৪টি শিশু রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেন, কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।
হামলাস্থলে উদ্ধারকাজ চলছে। ধুলা ও ধোঁয়ায় ভরে গেছে ঘটনাস্থল।
সারা রাত দিনিপ্রোতে উদ্ধারকাজ চলেছে বলে জানিয়েছেন জেলেনস্কি। উদ্ধারকারীরা বলেন, তাঁরা প্রতিটি জীবন বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছেন। ওই ভবন থেকে ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ৬টি শিশু রয়েছে।
তবে ওই ভবনে কেন হামলা চালানো হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। যদিও ভবনটি বিদ্যুৎ স্থাপনা থেকে কিছুটা দূরে অবস্থান করছিল।
ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে দুই সপ্তাহ আগে হামলা হয়েছে। জেলেনস্কি বলেন, গতকাল জ্বালানি অবকাঠামোতে হামলার কারণে খারকিভ ও কিয়েভে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।