খেরসনে রাশিয়ার গোলাবারুদের গুদাম ধ্বংস করা হয়েছে: ইউক্রেন
খেরসন অঞ্চলে রাশিয়ার বাহিনীর গুরুত্বপূর্ণ একটি গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন পুনর্দখলে জোরালো হামলা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। ওই অঞ্চলের বন্দরনগরী হেনিচেস্কে গোলাবারুদের এই গুদাম ছিল।
ইউক্রেনের ওদেসা শহরের সামরিক কর্তৃপক্ষের মুখপাত্র সেরহি ব্রাতচাক আজ রোববার বলেন, ‘খেরসনে হেনিচেস্কের রিকোভ গ্রামে আজ সকালে আমাদের সামরিক বাহিনী একটি বড় বিস্ফোরণ ঘটিয়েছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ গোলাবারুদের গুদাম ছিল। সেটি ধ্বংস হয়ে গেছে।’
এদিকে এক বিবৃতিতে ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, গতকাল শনিবার দেশটির বিমানবাহিনী আকাশপথে ১৪টি হামলা চালিয়েছে। শত্রুপক্ষের সেনাসদস্যরা মোতায়েন আছেন এমন এলাকাগুলোয় এ হামলা চালানো হয়েছে। রাশিয়ার দুটি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।
ফেসবুকে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, গতকাল রাশিয়ার তিনটি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র, পাঁচটি গোলাবারুদের গুদাম ও তিনটি আর্টিলারি ইউনিটে আঘাত করেছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা। রাশিয়া বর্তমানে লিমান, বাখমুত, আভদিভকা ও মারিকনা শহরে দিকে যুদ্ধ জোরদার করেছে।
ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়াও। মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, গত ১৬ জুন দূরপাল্লার সমরাস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি অবকাঠামোয় হামলা চালানো হয়। ওই হামলা সফল হয়েছে।
ইউক্রেনের রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোয় পাল্টা হামলা শুরু করেছে কিয়েভ। এমন পরিস্থিতিতে দু্ই দেশের সেনাসদস্যদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গোয়েন্দারা।
যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিঝঝিয়া, বাখমুত শহর ও দোনেৎস্কের পশ্চিমে বর্তমানে সবচেয়ে জোরদার লড়াই চলছে। এসব অঞ্চলে পাল্টা হামলা চালিয়ে ছোটখাটো কিছু অগ্রগতি পেয়েছে ইউক্রেন। দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে রুশ বাহিনী।