অসুস্থ ও বয়স্কদেরও যুদ্ধে যোগদানের চিঠি ধরিয়ে দেওয়ার ‘ভুল’ স্বীকার করল রাশিয়া
ইউক্রেন যুদ্ধে বাধ্যতামূলক যোগদানের জন্য সেনা নিযুক্তির তালিকায় ভুল হওয়ার কথা স্বীকার করেছে রুশ কর্তৃপক্ষ। এসব ভুল শোধরানোর প্রতিশ্রুতি দিয়েছে তারা। শিক্ষার্থী, বয়স্ক এবং অসুস্থ মানুষদেরও যুদ্ধে যোগদান করতে বলা হচ্ছে উল্লেখ করে রুশ নাগরিকদের কেউ কেউ ক্ষোভ জানানোর পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর এএফপির।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে ২১ সেপ্টেম্বর বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আংশিক সেনা নিযুক্তি’র ঘোষণা দেন। সামরিক বাহিনীর আপৎকালের জন্য মজুত সেনাদের কিছু অংশকে ডাকার নির্দেশ দিয়েছেন তিনি। এটাকেই ‘আংশিক সেনা নিযুক্তি’ বলা হচ্ছে। পুতিন বলেছেন, যাঁদের যুদ্ধ–সংশ্লিষ্ট দক্ষতা আছে, কিংবা সামরিক অভিজ্ঞতা আছে, তাঁদেরই শুধু ডাকা হবে।
তবে অনেকেই অভিযোগ করেছেন, সেনা নিযুক্তির ক্ষেত্রে এ কথা মানা হচ্ছে না। যুদ্ধে যাওয়ার অনুপযুক্ত মানুষদেরও নিয়োগকেন্দ্রগুলোয় ডাকা হচ্ছে।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকা ভলগোগ্রাদ কর্তৃপক্ষ ৬৩ বছর বয়সী এক সাবেক নারী সেনা কর্মীকে প্রশিক্ষণ ক্যাম্পে পাঠিয়েছিল। মস্তিষ্কে জটিলতাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতা থাকার পরও তাঁকে সেখানে পাঠানো হয়েছিল। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নোভস্তি বলছে, ওই নারী গত শুক্রবার রাতে বাড়ি ফিরেছেন।
একই অঞ্চলের ৫৮ বছর বয়সী স্কুল পরিচালক আলেক্সান্ডার ফালতিনকে সামরিক অভিজ্ঞতা না থাকার পরও যুদ্ধে যোগদানের জন্য ডাকা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
আরআইএ বলছে, কাগজপত্র যাচাই–বাছাইয়ের পর তাঁকেও বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো স্বীকার করেছেন ইউক্রেন যুদ্ধে যোগদানের জন্য সেনা নিযুক্তির ক্ষেত্রে ভুলের ঘটনা ঘটছে। এ ধরনের ভুল এড়াতে সব গভর্নরকে তলব করেন তিনি।
এক টেলিগ্রাম পোস্টে ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো বলেন, সেনা নিযুক্তির ক্ষেত্রে ত্রুটি হওয়া নিয়ে সমাজে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে। এমনটা ঘটছেও। গুরুত্বপূর্ণ এ পদক্ষেপ সঠিকভাবে পূর্ণ করার চেয়ে কেউ কেউ দ্রুত তালিকা তৈরি করে ঊর্ধ্বতনদের কাছে হস্তান্তরকে বেশি জোর দিচ্ছে।
মাতভিয়েঙ্কো আরও বলেন, ‘এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। পুরোদমে এবং মানদণ্ডের সঙ্গে পূর্ণ সংগতি রেখে আংশিক সেনা নিযুক্তির এ পদক্ষেপ পূরণ করতে হবে। একটি ভুলও যেন না হয়।
উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা লেনিনগ্রাদের গভর্নর আলেক্সান্ডার দ্রোজদেঙ্কো তাঁর প্রশাসনের ওয়েবসাইটে গতকাল রোববার একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বিভিন্ন জেলার প্রধানদের উদ্দেশ্য করে বলেছেন তাঁরা যেন স্থানীয় বাসিন্দাদের আবেদনগুলোকে নিজেরাই তদারক করে এবং প্রতিটি ঘটনাকে আলাদা আলাদা করে মূল্যায়ন করেন।
ভ্লাদিমির অঞ্চলের গভর্নর ভ্লাদিমির আভদিভ গত শনিবার বলেন, কাউকে যদি ভুল করে সেনা নিযুক্তির তালিকায় রাখা হয়, তবে তাঁকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
বেশ কয়েকজন শিক্ষার্থী এএফপিকে বলেন, সেনাবাহিনীতে যোগদানের জন্য তাদের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। অথচ রুশ কর্তৃপক্ষ অঙ্গীকার করেছিল শিক্ষার্থীদের যুদ্ধে নিযুক্ত করা হবে না।
শনিবার রুশ প্রেসিডেন্ট পুতিন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, মাধ্যমিক পর্যায়ের কারিগরি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের সেনা নিযুক্তির তালিকায় রাখা হবে না।
সেনা নিযুক্তির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যাঁরা আটক হয়েছেন, তাঁরাও বলছেন, নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় পুলিশ তাঁদের যুদ্ধে যোগদানের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ক্রেমলিন এ ধরনের তৎপরতার পক্ষে যুক্তি দেখিয়েছে। তারা বলছে, এ ধরনের তৎপরতা আইনবিরোধী নয়।