কিয়েভের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক’ হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের শহর ছাড়ার আহ্বান
ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রতিরক্ষাশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ‘ধারাবাহিক হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। একই সঙ্গে বিদেশি নাগরিকদের কিয়েভ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহে অধিকৃত লুহানস্ক অঞ্চলের স্টারোবিলস্ক শহরে শিক্ষার্থীদের একটি আবাসিক ভবনে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এতে অন্তত ১৮ জন নিহত হন। এর জবাবে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন তাদের ড্রোন যুদ্ধের সক্ষমতা উল্লেখজনকভাবে বাড়িয়েছে। বিশেষ করে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে তারা বেশ সাফল্যও পেয়েছে। রাশিয়া এসব হামলাকে ‘সন্ত্রাসবাদ‘ হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা।
চার বছর আগে ইউক্রেনে হামলা শুরু করা রাশিয়া ইউক্রেনের পূর্ব দিকের চারটি অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। তারই একটি লুহানস্ক। গত সপ্তাহে অঞ্চলটির স্টারোবিলস্ক শহরে ইউক্রেনীয় বাহিনী হামলা চালায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছে, স্টারোবিলস্কে হামলার ঘটনাটিকে তারা ‘চূড়ান্ত সীমা’ হিসেবে দেখছে। এর জবাবে রাশিয়া এখন ‘ধারাবাহিকভাবে পরিকল্পিত হামলা’ চালাবে। ইউক্রেনে ড্রোন তৈরি, প্রোগ্রামিং এবং এর ব্যবহারের প্রস্তুতির সঙ্গে যুক্ত নির্দিষ্ট স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে।
বিবৃতিতে বলা হয়, এসব স্থাপনা কিয়েভ শহরজুড়ে ছড়িয়ে আছে। তাই কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থার কর্মীরাসহ কিয়েভে বসবাসকারী বিদেশি নাগরিকদের শিগগিরই শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্কতা দেওয়া হয়েছে।
এ ছাড়া কিয়েভের বাসিন্দাদের সামরিক ও প্রশাসনিক স্থাপনার কাছাকাছি না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকটি বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ পরিকল্পনার বিষয়ে অবহিত করেছেন। কিয়েভে থাকা মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।