৫০ বছরে বন্য প্রাণী কমেছে ৭০%

বনভূমি উজাড় হওয়ায় বন্য প্রাণীরা বিপদে পড়েছেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনভূমি উজাড়, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং মানুষের কারণে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের কারণে কী ক্ষতি হয়েছে, তার একটি নতুন চিত্র সামনে এল। দুই আন্তর্জাতিক সংস্থার এক যৌথ পর্যবেক্ষণে বলা হয়েছে, গত ৫০ বছরে ৭০ শতাংশ বন্য প্রাণী কমেছে। বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বন্য প্রাণিবিষয়ক আন্তর্জাতিক সংগঠন বিশ্ব বন্য প্রাণী তহবিল (ডব্লিউডব্লিউএফ) ও জিওলজিক্যাল সোসাইটি অব লন্ডন (জেডএসএল) যৌথভাবে এই কাজ করেছে। বিশ্বজুড়ে যেসব প্রাণী পর্যবেক্ষণ করা হয়, সেই প্রাণীর সার্বিক বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে।

জেডএসএলের সংরক্ষণ এবং নীতিবিষয়ক পরিচালক অ্যান্ড্রু টেরি বলেন, ভয়াবহভাবে বন্য প্রাণী কমে যাচ্ছে। এ মধ্য দিয়ে এই বার্তা দেওয়া হচ্ছে, প্রকৃতির সুরক্ষাবলয় ভেঙে যাচ্ছে এবং বিশ্বজুড়ে প্রাকৃতিক পরিবেশ থেকে সবকিছু উজাড় হয়ে যাচ্ছে।

যৌথভাবে নতুন প্রকাশিত এই প্রতিবেদনের নাম লিভিং প্ল্যানেট ইন্ডেক্স। এতে বলা হয়েছে, জীববৈচিত্র্য বিবেচনায় সবচেয়ে সমৃদ্ধ এলাকা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। এই দুই অঞ্চলে গত ৫০ বছরে প্রাণী কমেছে প্রায় ৯৪ শতাংশ, যা বিশ্বের যেকোনো অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি।

লিভিং প্ল্যানেট ইন্ডেক্সের জন্য ৫ হাজার প্রজাতির ৩২ হাজার প্রাণীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ২০১৮ সালের এই প্রতিবেদন অনুসার, ১৯৭০ সালের তুলনায় ওই সময় বন্য প্রাণী কম ছিল ৬০ শতাংশ। আর ২০২০ সালে এই হার ছিল ৬৮ শতাংশ।

লিভিং প্ল্যানেট ইনডেক্স অনুসারে, ১৯৯৪ থেকে ২০১৬ সালের মধ্যে ব্রাজিলের আমাজন বনাঞ্চলে শুধু পিংক রিভার ডলফিন কমেছে ৬৫ শতাংশ। এ প্রসঙ্গে অ্যান্ড্রু টেরি বলেন, তাঁরা যে তথ্য পাচ্ছেন, তার সঙ্গে ডব্লিউডব্লিউএফের তথ্যের মিলে যাচ্ছে। ডব্লিউডব্লিউএফের ২০২০ সালের পর্যবেক্ষণ অনুসারে প্রতিবছর আড়াই শতাংশ বন্য প্রাণী কমে যাচ্ছে।

এ প্রসঙ্গে ডব্লিউডব্লিউএফ-যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক পরিচালক মার্ক রাইট বলেন, প্রকৃতি আগেও চরম দুর্দশার মধ্যে ছিল এবং এখনো আছে। এই লড়াইয়ে প্রকৃতি স্পষ্টতই হেরে যাচ্ছে।