বাইডেনকে ‘বুড়ো দাদা’ বললেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট
আগামী বছর অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন স্মৃতিশক্তি কমে যাওয়া বুড়ো ও ‘মরিয়া দাদা’ বলে অভিহিত করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
৮০ বছর বয়সী বাইডেন সম্পর্কে মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘বাইডেন তাঁর নিজের সিদ্ধান্ত নিয়েছেন। একজন মরিয়া দাদু।’
বুড়ো বয়সে বাইডেন ভয়ংকর ভুল সিদ্ধান্ত নিতে পারেন এমন ইংগিত করে মেদভেদেভ বলেন, ‘যদি আমি মার্কিন সামরিক বাহিনীতে থাকতাম, তাহলে দ্রুত নকল পারমাণবিক কোড সংবলিত একটি নকল ব্রিফকেস (ওই ব্রিফকেসের ভেতরেই থাকে দেশের পরমাণবিক অস্ত্রসম্ভার নিয়ন্ত্রণের চাবিকাঠি) তৈরি করতাম, যাতে তিনি জয়ী হলেও যেন অপূরণীয় পরিণতি এড়ানো যায়।’
বাইডেন মঙ্গলবার আগামী নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়ে তাঁর মেয়াদের ‘কাজ শেষ করার’ চেষ্টার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি আমেরিকার গণতন্ত্রকে রিপাবলিকান ‘চরমপন্থীদের’ হাত থেকে বাঁচাতে লড়াই করছেন বলেও জানান।
দ্বিতীয় মেয়াদে তিনি প্রেসিডেন্ট হলে ৮৬ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সেটা হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়বেন তিনি।
৫৭ বছর বয়সী মেদভেদেভ রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমা বিশ্বের নেতাদের ব্যাপক সমালোচনা করে থাকেন।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া হামলা চালালে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটে। ইউক্রেনের প্রধান সামরিক ও অর্থনৈতিক সহায়তাকারী দেশ যুক্তরাষ্ট্র।