রাজার অভিষেক অনুষ্ঠান দেখল প্রায় দেড় কোটি মানুষ
রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান বিবিসি টেলিভিশনে দেখেছেন ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ। গতকাল রোববার বিবিসি করপোরেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিবিসির তথ্য অনুযায়ী, বিবিসি ওয়ান চ্যানেলে একসময় ১ কোটি ৩৪ লাখ দর্শক রাজার অভিষেকের অনুষ্ঠান দেখেন।
এ ছাড়া গত শনিবারের এ আয়োজনের গড় দর্শক ছিল ১ কোটি ১৯ লাখ। এ ছাড়া বিবিসির নিবন্ধন সেবাযুক্ত চ্যানেল বিবিসি টুতে ১৭ লাখ দর্শক একসময় অনুষ্ঠানটি দেখেন। গড়ে চ্যানেলটি দেখেন ১৪ লাখ দর্শক।
যুক্তরাজ্যে গত ৭০ বছরের মধ্যে এটাই ছিল প্রথম কোনো রাজার অভিষেকের ঘটনা। টেলিভিশনের ইতিহাসে এটি ছিল দ্বিতীয়বারের মতো সম্প্রচারিত অনুষ্ঠান। রঙিন পর্দায় প্রথমবারের মতো দর্শক এ অনুষ্ঠান উপভোগের সুযোগ পেলেন।
তবে রাজকীয় কোনো অনুষ্ঠান আয়োজনের হিসাবে এ দর্শকসংখ্যা খুব বেশি নয়। গত বছর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আয়োজন যুক্তরাজ্যের টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক টেনেছিল। ওই সময় গড় দর্শক ছিলেন ২ কোটি ৬২ লাখ, যা একসময় ২ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গিয়েছিল। ওই সময় বিবিসিতে ১ কোটি ৮৫ লাখ মানুষ রানির শেষকৃত্য টিভিতে দেখেছিলেন। ২০১১ সালে প্রিন্স উইলিয়ামের বিয়ের অনুষ্ঠান দেখেছিলেন ২ কোটি ৪০ লাখ মানুষ। ১৯৯৭ সালে রাজা চার্লসের বাবার শেষকৃত্য দেখেছিলেন ৩ কোটি ২০ লাখ মানুষ।
১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের অনুষ্ঠানটিকে টিভি সম্প্রচারের ক্ষেত্রে মাইলফলক মনে করা হয়। কারণ, সেটি প্রথমবার টিভিতে দেখানো হয়েছিল।
এটি দেখেছিলেন ২ কোটি ৭০ লাখ মানুষ। এ ছাড়া ১ কোটি ১০ লাখ মানুষ টিভিতে ধারাবিবরণী শুনেছিলেন। ওই সময় টিভি কম থাকলেও অনেক মানুষ এ অনুষ্ঠান উপভোগ করেছিলেন।
ওই সময় বিবিসি শুধু একা এ অনুষ্ঠান সম্প্রচার করেছিল। এর পর থেকে গণমাধ্যমের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। বেড়েছে অনলাইন, টিভি চ্যানেল ও স্ট্রিমিং সেবা। রাজা চার্লসের অনুষ্ঠান বাণিজ্যিক টিভি চ্যানেল আইটিভি ও স্কাই নিউজ সম্প্রচার করে। এসব চ্যানেলের দর্শ সংখ্যা জানা যায়নি।