জাপোরিঝঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭: ইউক্রেন
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শিল্প শহর জাপোরিঝঝিয়ায় সাতটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার ইউক্রেনের কর্তৃপক্ষ এমনটাই দাবি করেছে। খবর এএফপির
ইউক্রেনের কর্তৃপক্ষের ভাষ্য, গত বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই জাপোরিঝঝিয়া শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। তিনটি ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রভাগে এসে পড়ে।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগ এক টেলিগ্রাম পোস্টে বলেছে, ‘মোট ১৭ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একটি শিশু আছে।’
বৃহস্পতিবার হামলার পর প্রথমে একজনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছিল। পরে নিহতের সংখ্যা বাড়তে থাকে। গতকাল সকাল নাগাদ এ সংখ্যা ১৪–তে দাঁড়ায়। এখন এ সংখ্যা বেড়ে ১৭–তে দাঁড়িয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলায় শহরের প্রধান সড়কের পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন গুঁড়িয়ে অনেকটা মাটির সঙ্গে মিশে গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম পোস্টে বলেছেন ‘জাপোরিঝঝিয়াকে নিশানা করে প্রতিদিনই ব্যাপক হামলা করা হচ্ছে। এটা ইচ্ছাকৃত অপরাধ।’
ইউক্রেন-নিয়ন্ত্রিত জাপোরিঝঝিয়া শহরটির অবস্থান জাপোরিঝঝিয়া অঞ্চলে। অঞ্চলটিতে থাকা পারমাণবিক কেন্দ্রটি বর্তমানে রাশিয়ার দখলে আছে। সম্প্রতি জাপোরিঝঝিয়া অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করে মস্কো। তবে অঞ্চলটি পুরোপুরি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে নেই।
ইউক্রেন বলেছে, গত সপ্তাহে জাপোরিঝঝিয়া অঞ্চলে বেসামরিক গাড়িবহরে গোলা হামলা চালায় রাশিয়া। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়।