যুক্তরাজ্যে নাচের কর্মশালায় তিন শিশু হত্যার ঘটনায় তরুণকে ৫২ বছরের কারাদণ্ড

হামলায় নিহত শিশু এলিস ডাসিলভা এগুইলার, এলসি ডট স্ট্যানকম্ব ও বেবি কিংফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে একটি নাচের কর্মশালায় তিন শিশুকে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার এক ব্রিটিশ তরুণকে অন্তত ৫২ বছরের কারাদণ্ড দিয়েছেন সে দেশের আদালত। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওই হামলাকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে আতঙ্কজনক মুহূর্তের একটি হিসেবে উল্লেখ করেছিলেন।

এ রায় ঘোষণার আগে ১৮ বছর বয়সী তরুণ অ্যাক্সেল রুডাকুবানা ওই অনুষ্ঠানে তিন মেয়েশিশুকে হত্যা ও আরও ১০ জনকে ছুরিকাঘাত করার অভিযোগ স্বীকার করেছেন।

গত বছরের জুলাই মাসে লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে টেলর সুইফট ইয়োগা ও নাচের কর্মশালায় এ হামলা হয়। নৃশংস এ ঘটনার জেরে যুক্তরাজ্যজুড়ে উত্তেজনা ছড়ায় ও কয়েক দিন ধরে দাঙ্গা চলে।

ছুরি হামলার কয়েক ঘণ্টা পর গ্রেপ্তার করা তরুণ সম্পর্কে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। উগ্র ডানপন্থীদের ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট একটি ভিডিও পোস্ট করে ছুরিকাঘাতের পেছনে একজন অবৈধ অভিবাসী দায়ী বলে দাবি করেন। ভিডিওটি ১ কোটি ৫০ লাখ বার দেখা হয়।

গত বছরের জুলাইয়ে উত্তর ইংল্যান্ডের সাউথপোর্ট শহরে এ হামলার ঘটনা ঘটে। এ নৃশংস ঘটনার জেরে যুক্তরাজ্যজুড়ে উত্তেজনা ছড়ায় ও কয়েক দিন ধরে দাঙ্গা চলে।

দাঙ্গার ঘটনায় মুসলিম কাউন্সিল অব ব্রিটেন জানিয়েছিল, রুশ একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভুল তথ্যের কারণে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে। এর ফলে মুসলমানদের ওপর চড়াও হন উগ্র ডানপন্থীরা।

তিন শিশুকে হত্যা ও আরও ১০ জনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় কৌঁসুলি ডিয়ানা হিরা লিভারপুল ক্রাউন কোর্টকে বলেন, সহিংসতা ও গণহত্যার নানা ঘটনায় রুডাকুবানার মন আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তাঁর হামলার শিকার ব্যক্তিদের মধ্যে দুজন এতটাই ভয়ানক আঘাতের শিকার হয়েছিলেন যে তা ব্যাখ্যা করা কঠিন।

মামলার রায়ে বিচারক জুলিয়ান গুজ বলেন, রুডাকুবানাকে অন্তত ৫২ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি বলেন, আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়নি। কেননা হামলা চালানোর সময় তাঁর বয়স ছিল ১৭ বছর। তবে কখনো তাঁর মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার রায় ঘোষণাকালে রুডাকুবানা চিৎকার শুরু করলে তাঁকে দুবার কাঠগড়া থেকে সরিয়ে নেওয়া হয়। দুবারই রায় ঘোষণাকালে এজলাসে উপস্থিত হতে অস্বীকৃতি জানান তিনি।

আরও পড়ুন