মহাকাশ স্টেশনে সরাসরি নভোযান পাঠানোর সক্ষমতা ফিরল রাশিয়ার
কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমের একটি উৎক্ষেপণকেন্দ্র থেকে গতকাল রোববার একটি সয়ুজ রকেট উৎক্ষেপণ করেছে রাশিয়া। গত বছর উৎক্ষেপণকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি মেরামতের পর আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সরাসরি নভোযান পাঠানোর সক্ষমতা ফিরে পেল দেশটি।
রাশিয়ার মহাকাশ সংস্থা জানিয়েছে, গ্রিনিচ মান সময় (জিএমটি) ১২টায় ‘সয়ুজ-২.১এ’ রকেটের মাধ্যমে ‘প্রগ্রেস এমএস-৩৩’ নামের একটি কার্গো মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। মহাকাশযানটি ২৪ মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়বে বলে আশা করা হচ্ছে।
গত নভেম্বরে একটি ‘সয়ুজ এমএস-২৮’ মহাকাশযান উৎক্ষেপণের সময় এই উৎক্ষেপণকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ওই মহাকাশযানে দুই রুশ নভোচারী ও নাসার একজন মহাকাশচারী ছিলেন। এর পর থেকে এটি অকেজো ছিল। ওই ঘটনায় কেউ হতাহত হননি এবং নভোচারীরা নিরাপদে মহাকাশ স্টেশনে পৌঁছাতে পেরেছিলেন।
তবে এ দুর্ঘটনার কারণে কয়েক মাসের জন্য রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী বা মালামাল পাঠানোর একমাত্র পথটি বন্ধ হয়ে গিয়েছিল।
রাশিয়ার নিজস্ব ভূখণ্ডে কসমোড্রোম এবং কাজাখস্তানের বাইকোনুরে অন্যান্য উৎক্ষেপণকেন্দ্র রয়েছে। তবে মেরামত করা উৎক্ষেপণকেন্দ্রটিই শুধু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নভোচারী ও মালামাল বহনকারী সয়ুজ রকেট উৎক্ষেপণে সক্ষম।