আটকে পড়া তিমিকে বাঁচাতে একাত্ম পুরো দেশ

জার্মানির উপকূলে পথ হারানো হ্যাম্পব্যাক তিমির পাশে উদ্ধারকর্মীরা। জাহাজের নিমজ্জিত কাঠামোতে তুলে তাকে গভীর সাগরে ফেরানোর প্রস্তুতিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি তিমিকে কেন্দ্র করে কী ধরনের অবিশ্বাস্য ঘটনাপ্রবাহ তৈরি হতে পারে, তার এক নজির তৈরি হয়েছে জার্মানিতে। গত ৩১ মার্চ দেশটির বাল্টিক সাগরের পোয়েল দ্বীপের উপকূলে আটকা পড়ে প্রায় ১২ মিটার লম্বা এক হ্যাম্পব্যাক (কুঁজওয়ালা) তিমি। শুরুতে পুরুষ ভাবা হলেও পরে জানা যায়, সেটি স্ত্রী তিমি। কৌতুকাভিনেতা হাপে কেরকেলিংয়ের দেওয়া নাম অনুসারে প্রাণীটির নাম দেওয়া হয় ‘টিমি’।

বাল্টিক সাগরের কম লবণাক্ত পানিতে দীর্ঘদিন আটকে থাকায় টিমির সারা শরীরে ক্ষতের সৃষ্টি হয়। দেশটির সমুদ্রবিজ্ঞানী ও পরিবেশ মন্ত্রণালয় পরীক্ষা করে জানায়, তিমিটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে; সে অসুস্থ। অগভীর এই খাঁড়ি থেকে টেনে উদ্ধার করতে গেলে প্রাণহানির ঝুঁকিই বেশি। তাই নির্মম বাস্তবতা মেনে নিয়ে বিশেষজ্ঞরা তিমিটিকে প্রকৃতির নিয়মের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। কিন্তু এ ঘোষণা শুনে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞানীদের ‘খুনি’ আখ্যা দিয়ে শুরু হয় বিক্ষোভ।

পরিস্থিতি দেখে এগিয়ে আসেন জার্মানির দুই ধনকুবের কারিন ওয়াল্টার-মমার্ট ও ওয়াল্টার গুনজ। প্রায় ২০ লাখ ইউরোর ব্যক্তিগত তহবিল দিয়ে তাঁরা গড়ে তোলেন একটি উদ্ধারকারী দল। সেই দলে অভিজ্ঞ চিকিৎসকের পাশাপাশি যুক্ত হন টিকটকার এবং তিমিদের ভাষা বুঝতে পারেন বলে দাবি করা পেরুর এক ঔপন্যাসিক। জনতার তীব্র চাপে সরকারও শেষমেশ বেসরকারি দলটিকে উদ্ধারকাজ চালানোর অনুমতি দেয়।

দলের সদস্যরা টিমির শরীরে মলম মাখেন, গান গেয়ে তাকে শান্ত রাখেন; শেষমেশ ২৮ এপ্রিল একটি জাহাজের সঙ্গে যুক্ত নিমজ্জিত কাঠামোতে এটিকে তুলে উত্তর সাগরের দিকে নেওয়া হয়। ২ মে তাকে সাগরে ছাড়ার সময় ঘটে বিপত্তি। অভিযোগ ওঠে, লেজে দড়ি বেঁধে তিমিটিকে জাহাজ থেকে সাগরে টেনে ফেলা হয়েছিল। পরবর্তী সময়ে জার্মানির পরিবেশ মন্ত্রণালয় জানায়, ৬ বা ৭ মে তিমিটির মৃত্যু হয়। প্রায় ২১৫ কিলোমিটার দূরে ডেনমার্কের আনহোল্ট দ্বীপের সৈকতে প্রাণীটির মৃতদেহ ভেসে ওঠে। তার কিছু হাড় কোপেনহেগেনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে নেওয়া হয়। বাকি অংশ থেকে তৈরি করা হয় জৈব জ্বালানি ও সিমেন্ট উৎপাদনের উপকরণ।

টিমিকে বাঁচানোর অভিযান শেষ হলেও বিতর্ক থামেনি। উদ্ধারকাজের বিপুল ব্যয় আর সমুদ্রে ছাড়ার অদক্ষ পদ্ধতি নিয়ে উদ্যোক্তাদের মধ্যে এখন চলছে আইনি বিরোধ। এমনকি সরকারের বিরুদ্ধেও জমা পড়েছে শত শত অভিযোগ। বন্য প্রাণীর প্রতি ভালোবাসা যখন বিজ্ঞানের পরামর্শ ভুলে অন্ধ আবেগ আর গুজবে রূপ নেয়, তখন যে কী হতে পারে, টিমির করুণ পরিণতি তারই এক উদাহরণ।