চিঠিটি এল, তবে ১০০ বছর পরে
হ্যামলেট রোড, দক্ষিণ লন্ডন। এই ঠিকানায় ১৯১৬ সালের ফেব্রুয়ারিতে একটি চিঠি পাঠানো হয়। চিঠিটি ঠিকানামতোই পৌঁছেছে। তবে এরই মধ্যে পেরিয়ে গেছে ১০০ বছরের বেশি সময়।
ওই ঠিকানার বর্তমান বাসিন্দা ফিনলে গ্লেন ও তাঁর পরিবার চিঠিটি পেয়ে বিভ্রান্তিতে পড়ে। গত বৃহস্পতিবার গ্লেন সিএনএনকে বলেন, ‘আমরা দেখলাম সেখানে বছরের জায়গায় ’১৬ লেখা। আমরা ভেবেছি, এটি ২০১৬ সালের। এরপর দেখলাম ডাকটিকিটে রানি নয়, আছে রাজার ছবি। তখন বুঝতে পারলাম, এটি ২০১৬ সালের নয়।’
গ্লেন বলেন, কয়েক বছর আগে চিঠিটি গন্তব্যে পৌঁছায়। খামের ওপর ১ পেন্সের একটি ডাকটিকিট লাগানো। ওই ডাকটিকিটে ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের ছবি। প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি এবং রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মের এক দশকের বেশি সময় আগে চিঠিটি পাঠানো হয়েছিল।
২৭ বছর বয়সী গ্লেন বলেন, ‘আমরা যখন বুঝতে পারলাম চিঠিটি খুব পুরোনো, তখন মনে হলো এটা খোলা যেতে পারে।’
যুক্তরাজ্যের ডাক সেবা আইন ২০০০ অনুযায়ী, প্রাপক ছাড়া অন্য কেউ চিঠি খুলতে পারেন না। তবে গ্লেন বলেন, এ চিঠি খোলার কারণে তাঁর অপরাধ হলে তিনি ক্ষমা চাইবেন।
চিঠিটির সঙ্গে ঐতিহাসিক স্বার্থ জড়িত থাকতে পারে, এমনটা ভেবে গ্লেন এটি স্থানীয় ত্রৈমাসিক সাময়িকী নরউড রিভিউকে দিয়ে দেন।
ওই সাময়িকীর সম্পাদক স্টিফেন অক্সফোর্ড বলেন, চিঠিটি যার বরাবর পাঠানো হয়েছিল, সেখানে লেখা আছে ‘মাই ডিয়ার ক্যাটি’। ক্যাটি ছিলেন স্থানীয় ব্যবসায়ী অসওয়াল্ড মার্শের স্ত্রী।
চিঠিটি পাঠিয়েছেন ক্রিস্টাবেল মেনেল নামের এক নারী। তিনি ছিলেন চা ব্যবসায়ী হেনরি টুকে মেনেলের মেয়ে। ছুটিতে পরিবারের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় ইংল্যান্ডে বেড়াতে গিয়ে ক্যাটিকে চিঠি লিখেছিলেন তিনি।
যখন চিঠিটি লেখা হয়েছে, তখন ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য দক্ষিণ লন্ডন ও আশপাশের এলাকা বেশ প্রসিদ্ধ ছিল। অসওয়াল্ড মার্শ ছিলেন হ্যামলেট রোডের বাসিন্দা। তবে চিঠিটি কীভাবে গ্লেনের ফ্ল্যাটে পৌঁছাল, তা এখনো অজানা।