২৩ হাজার টন গম নিয়ে ইউক্রেন ছাড়ল জাতিসংঘের জাহাজ

জাহাজটিতে ২৩ হাজার টন গম আছে

জাতিসংঘ পরিচালিত শস্যভর্তি একটি জাহাজ ইউক্রেন থেকে আফ্রিকার উদ্দেশে ছেড়ে গেছে। বৈশ্বিক খাদ্যসংকট মেটাতে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে জাহাজটি রওনা করে। ইউক্রেনের শিপমেন্টবিষয়ক মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের অবকাঠামোবিষয়ক মন্ত্রণালয় বলেছে, এমভি ব্রেভ কমান্ডার নামের জাহাজটি গতকাল মঙ্গলবার কৃষ্ণসাগরের পিভদেন্নি বন্দর ছেড়ে গেছে। ইথিওপিয়ায় চালান পৌঁছানোর উদ্দেশ্যে এটি পার্শ্ববর্তী দেশ জিবুতিতে নোঙর করবে।

ইউক্রেন ও রাশিয়া বিশ্বের বড় দুই শস্য রপ্তানিকারক দেশ। ইউক্রেন থেকে শস্য বহনকারী প্রথম বাণিজ্যিক জাহাজটি ছেড়েছিল ১ আগস্ট। বন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, তখন থেকে এ পর্যন্ত ২১টি জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়েছে। তবে রুশ অভিযান শুরুর পর ইউক্রেনের বন্দর ছেড়ে যাওয়া জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রথম জাহাজ এটি। জাহাজটিতে ২৩ হাজার টন গম আছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, ৮২টি দেশের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ ব্যাপক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছে ৪৫টি দেশের ৫ কোটি মানুষ। মানবিক সহায়তা না পেলে ঝুঁকি বাড়তে থাকবে।

এর আগে জাহাজটিতে চালান ওঠানোর সময় ইউক্রেনে নিযুক্ত ডব্লিউএফপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ম্যারিয়েন ওয়ার্ড সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলেন, ‘অবশ্যই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের সহযোগিতা করতে ইউক্রেনের বন্দর থেকে অন্য জাহাজগুলো ছাড়ার পরিকল্পনা করছি আমরা।’

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ডব্লিউএফপিকে অতিরিক্ত ৬ কোটি ৮০ লাখ ডলার তহবিল প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থার প্রশাসক সামান্থা পাওয়ার বলেন, বৈশ্বিক খাদ্যসংকট মেটাতে সহায়তা হিসেবে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন গম কেনা, তা নিয়ে আসা এবং সংরক্ষণ করার জন্য এ তহবিল ব্যবহার করা হবে।