সেপ্টেম্বরে ৬ হাজার বর্গকিমি পুনরুদ্ধার করেছি: জেলেনস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ছবি: এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বাহিনী চলতি মাসে পাল্টা আক্রমণের মাধ্যমে রাশিয়ার কাছ থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। খবর এএফপির।

গতকাল সোমবার নিয়মিত ভাষণে জেলেনস্কি বলেন, ‘সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সেনারা পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছেন। আমরা আরও অগ্রসর হচ্ছি।’

আরও পড়ুন

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলেও পাল্টা আক্রমণে ব্যাপক সাফল্য দাবি করেছে কিয়েভ। তারা অঞ্চলটির ইজিয়াম, কুপিয়ানস্ক, বালাক্লিয়া শহরসহ কয়েক ডজন এলাকা পুনরুদ্ধার করেছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে ইউক্রেন। সেখানে ইউক্রেনীয় বাহিনী গতকাল বলে, তারা ৫০০ বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।

জেলেনস্কির উদ্ধৃতির বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বাহিনী পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। রাশিয়ার কাছ থেকে আরও এলাকা দখল করছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে এসেছে ইউক্রেন। কিন্তু ইউক্রেনের বর্তমান পাল্টা আক্রমণে যুদ্ধের অবসান ঘটবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালায় রুশ বাহিনী। আজ এ যুদ্ধ ২০২তম দিনে গড়িয়েছে।

আরও পড়ুন