লন্ডনের আদালতে প্রিন্স হ্যারি
যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে এসেছেন ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। তবে পারিবারিক কোনো কাজে নয়, তিনি এসেছেন আদালতের শুনানিতে অংশ নিতে। বেআইনিভাবে তথ্য সংগ্রহের অভিযোগে যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইল–এর প্রকাশকের বিরুদ্ধে করা মামলার শুনানিতে অংশ নিতে সোমবার লন্ডন হাইকোর্টে হাজির হন হ্যারি।
প্রিন্স হ্যারি ছাড়া একই অভিযোগে ব্রিটিশ গায়ক এলটন জন, অভিনেত্রী লিজ হারলে, স্যাডি ফ্রস্ট ছাড়া আরও কয়েকজন তারকা ও তাঁদের পরিবার ডেইলি মেইল–এর প্রকাশকের বিরুদ্ধে গত বছর মামলা করেন। সেই মামলার শুনানি হয়েছে গতকাল লন্ডন হাইকোর্টে। আদালতে হ্যারি ছাড়া অন্যরাও উপস্থিত ছিলেন।
হ্যারিসহ মামলাকারী অন্য ব্যক্তিরা ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটিডের (এএনএল) বিরুদ্ধে মামলায় অভিযোগ করেছিল, পত্রিকাটি অভিযোগকারী ব্যক্তিদের গাড়ি ও বাড়িতে গোপনে অডিও ডিভাইস বসিয়ে নজরদারি চালাত। এ ছাড়া তাঁদের মুঠোফোনের ব্যক্তিগত কথোপকথনও রেকর্ড করেছে।
পারিবারিক বিরোধের জেরে ২০২০ সালে রাজপ্রাসাদ ছেড়ে স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান প্রিন্স হ্যারি। এর পর থেকে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন এই দম্পতি। তবে রাজদায়িত্ব ছাড়লেও তাঁদের উপাধি এখনো বহাল।