তুরস্কে নৈশক্লাবে আগুন, নিহত ২৯

ইস্তাম্বুল শহরের গ্যারেটেপে জেলায় একটি ১৬ তলা আবাসিক ভবনের বেজমেন্টে দুটি তলাজুড়ে ছিল নৈশক্লাবটি। ২ এপ্রিলছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের একটি নৈশক্লাবে আজ মঙ্গলবার দুপুরে আগুনে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। ইস্তাম্বুল শহরের বহুতল একটি ভবনের বেজমেন্টে ছিল ক্লাবটি। ক্লাবটির নাম দ্য মাসকারেদ।

ক্লাবটিতে সংস্কারকাজ চলছিল, তাই এটি বন্ধ ছিল।

ইস্তাম্বুলের গভর্নর দাভুত জে ওয়ান গণমাধ্যমকে বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, আশঙ্কা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা সংস্কারকাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মী। বিকেল নাগাদ হতাহতের সংখ্যা বাড়ছিল।

দুর্ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন হতাহতদের স্বজনেরা। ২ এপ্রিল
ছবি: এএফপি

এ ঘটনায় তদন্তের পাশাপাশি নৈশক্লাবের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা ও সংস্কারকাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।

শহরের গ্যারেটেপে জেলায় একটি ১৬ তলা আবাসিক ভবনের বেজমেন্টে দুটি তলাজুড়ে ছিল ক্লাবটি।

ইস্তাম্বুলের নবনির্বাচিত মেয়র একরেম ইমামোগলু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে একটি পোস্ট দেন।

সেখানে তিনি বলেন, ‘যাঁরা মারা গেছেন, আল্লাহ নিশ্চয় তাঁদের ক্ষমা করবেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ দুর্ঘটনার বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়ার সঙ্গে ফোনে কথা বলেছেন।