ইউরোপে গরমে এ বছর ১৫ হাজার মানুষের মৃত্যু: ডব্লিউএইচও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড গরমে এ বছর ইউরোপে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে
ছবি: এএফপি

চলতি বছর গরমে রেকর্ড তাপমাত্রা দেখেছে ইউরোপ। দাবানলে পুড়েছে অনেক এলাকা, ছিল খরাও। এই সবকিছুর প্রভাবে ইউরোপে চলতি বছরের এখন পর্যন্ত তাপপ্রবাহের (প্রচণ্ড গরম) কারণে অন্তত ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত সোমবার এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

চলতি বছরের জুন থেকে আগস্ট—তিন মাস ছিল ইউরোপে সবচেয়ে উষ্ণ সময়। উচ্চ তাপমাত্রার কারণে মহাদেশজুড়ে সবচেয়ে ভয়াবহ খরা পরিস্থিতি তৈরি হয়। ইউরোপে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে বলেছেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন ও জার্মানি। এ পর্যন্ত পাওয়া বিভিন্ন দেশের তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, ২০২২ সালে, বিশেষ করে গরম আবহাওয়ার কারণে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে।

হ্যান্স ক্লুগ বলছেন, ইউরোপের মধ্যে জার্মানিতে ৪ হাজার ৫০০ জন, স্পেনে ৪ হাজার, পর্তুগালে ১ হাজার ও যুক্তরাজ্য ৩ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় তাপপ্রবাহে। জুন থেকে আগস্ট—এই তিন মাসে মৃত্যু হয়েছে বেশি।
এ বছরের জুন ও জুলাইয়ে ইংল্যান্ডের তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল। প্রথমবারের মতো এত গরম পড়ে দেশটিতে।

মিসরে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন (কপ ২৭)। সেই সম্মেলনকে উল্লেখ করে জলবায়ু পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এমনকি বিশ্ব উষ্ণায়ন ভয়াবহ আকার নেবে বলে ইতিমধ্যে পূর্বাভাস বিজ্ঞানীদের। জলবায়ু পরিবর্তনের কারণে পুরো বিশ্বেই উষ্ণায়ন বাড়ছে।

আবহাওয়ার পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনে মানুষের মৃত্যু হচ্ছে। ব্যাপকভাবে ঝড়-বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে জলবায়ু পরিবর্তন নিয়ে নানা সভা, সেমিনার ও আলোচনায় নানা সিদ্ধান্ত নেওয়া হলেও সমস্যার সমাধান হচ্ছে না।