হাসির চোটেই ব্যর্থ হয়ে গেল ডাকাতির চেষ্টা

প্রতীকী ছবিএআই/প্রথম আলো

যেন কোনো কমেডি সিনেমার দৃশ্য। হাতে ধারালো রামদা, কোমরে পিস্তল—ভয়ংকর চেহারার এক ডাকাত হানা দিলেন পানশালায়; কিন্তু দোকানকর্মীরা ভয় পাওয়া তো দূরের কথা, এ ডাকাতকে দেখে তাঁরা হাসিতে ফেটে পড়লেন। এতে ডাকাত হতভম্ব হয়ে পড়লেন। দোকানকর্মীদের প্রাণখোলা হাসির তোড়ে শেষমেশ মেজাজ হারিয়ে শূন্য হাতেই ফিরে যেতে হলো ডাকাতকে।

স্পেনের মালাগা শহরের ‘লা বারাকা দে লা আবুয়েলা’ নামের একটি পানশালায় সম্প্রতি এই অদ্ভুত ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রো জানায়, এই বীরত্ব বা সাহসিকতার মূলে ছিল এক বিরাট ‘ভুল–বোঝাবুঝি’। পানশালার কর্মীরা ভেবেছিলেন, তাঁদের কোনো নিয়মিত গ্রাহক হয়তো রসিকতা করার জন্য এমন ছদ্মবেশে এসেছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, লোকটির হাতে বড় একটি রামদা। তিনি চিৎকার করে অর্থ দাবি করছিলেন; কিন্তু এক কর্মী দিব্যি রামদাটি হাত দিয়ে ধরে নেড়েচেড়ে দেখে মন্তব্য করেন, ‘আরে, এটা তো খেলনা।’ অন্য একজন হেসেই খুন। পরিস্থিতি গম্ভীর করতে ওই ডাকাত এক কর্মীর গলায় ছুরি ধরলেও সেই কর্মীর নির্বিকার জবাব ছিল, ‘ছুরিটিতে তো মোটেও ধার নেই।’

ততক্ষণে ডাকাতের মেজাজ তুঙ্গে। নিজেকে আসল ডাকাত প্রমাণ করতে তিনি এবার পিস্তল বের করে কাউন্টারে জোরে আঘাত করেন; কিন্তু কর্মীরা তখন পর্যন্ত ধরে নিয়েছিলেন, এটি কোনো রসিকতা। এক কর্মী তো হাসতে হাসতে জিজ্ঞাসাই করে বসলেন, ‘আমরা কি তবে পুলিশে ফোন দেব?’

এই প্রশ্নে দুর্ধর্ষ সেই ডাকাত কিছুটা দমে যান। কোনো পাত্তা না পেয়ে গভীর বিভ্রান্তি আর চরম বিরক্তি নিয়ে শূন্য হাতে তিনি পানশালা থেকে বেরিয়ে যান।

পরে জানা যায়, ওই ব্যক্তি শহরের আরও কয়েকটি দোকানে একই কায়দায় ডাকাতি করেছেন। পুলিশ তাঁকে অন্য একটি এলাকা থেকে গ্রেপ্তার করার পর পানশালার কর্মীদের হুঁশ ফেরে। তাঁরা বুঝতে পারেন, যে ঘটনাকে তাঁরা বন্ধু মহলের রসিকতা ভেবেছিলেন, সেটি ছিল এক ভয়াবহ সশস্ত্র ডাকাতির চেষ্টা।