মাঝরাতের পর ১৬–১৭ বছর বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কারফিউ জারি করবে যুক্তরাজ্য
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার এক মাসের মাথায় এবার ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য মাঝরাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কারফিউ জারির পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।
গতকাল মঙ্গলবার যুক্তরাজ্য সরকার জানায়, শিশু-কিশোরদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে, এমন অ্যাপে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের অংশ হিসেবে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হবে।
এ ছাড়া এই বয়সীদের জন্য ডিফল্ট সেটিং হিসেবে এমন একটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে, যাতে এক টানা স্ক্রলিংয়ের মতো আসক্তিকর ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে।
তবে ব্যবহারকারী চাইলে এসব সেটিং পরিবর্তন করতে পারবেন। সমালোচকদের মতে, সে ক্ষেত্রে এই ব্যবস্থা খুব বেশি কার্যকর নাও হতে পারে। এ ছাড়া এসব নিয়ম কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও এখনো বিস্তারিত জানানো হয়নি।
গত মাসে যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। নতুন এ নিষেধাজ্ঞা ২০২৭ সালের শুরুর দিকে কার্যকর হওয়ার কথা।
যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল এক বিবৃতিতে বলেন, ‘এই পদক্ষেপ তরুণদের প্রয়োজনীয় ঘুম নিশ্চিত করতে, স্কুল ও কলেজে মনোযোগ ধরে রাখতে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে আরও মানসম্মত সময় কাটাতে সহায়তা করবে।’
নতুন পদক্ষেপের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ন্ত্রণ আনা হবে। ১৮ বছরের কম বয়সীদের এসব প্ল্যাটফর্ম ব্যবহারের সময় নির্দিষ্ট বিরতি নিতে হবে।
শিশু অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংস্থা এ উদ্যোগকে দীর্ঘদিনের প্রত্যাশিত সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। তবে অন্য কিছু সংস্থা সতর্ক করে বলেছে, এতে শিশুরা আরও অনিরাপদ উপায়ে ইন্টারনেট ব্যবহারের দিকে ঝুঁকে পড়তে পারে।