যুক্তরাজ্যের নটিংহামের রাস্তায় পড়ে ছিল তিনজনের মরদেহ
যুক্তরাজ্যের নটিংহাম শহরে তিনজনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গাড়ি চাপা দিয়ে তাঁদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোর চারটার দিকে এসব ঘটনার খবর পায় পুলিশ। এরপর সতর্কবার্তা জারি করা হয় এবং এমন গাড়িচাপার ঘটনা এড়াতে নটিংহাম শহর লকডাউন করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভোর চারটার দিকে খবর পায়, একটি রাস্তায় দুজনের মরদেহ পাওয়া গেছে। ঠিক এর কাছাকাছি সময় আরেকটি স্থান থেকে খবর পায়, এক ব্যক্তি গাড়ি চাপা দিয়ে তিনজনকে হত্যার চেষ্টা করেছেন। প্রথম ঘটনাস্থল থেকে দ্বিতীয় ঘটনাস্থল খুব দূরে ছিল না। এ ছাড়া নটিংহাম সিটি সেন্টারের পাশে আরেকজনের মরদেহ পাওয়া যায়।
নটিংহাম পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর সেখানকার চিফ কনস্টেবল কেট মেনেল বলেন, এটা ভয়ংকর এবং বেদনাদায়ক ঘটনা। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, তিনটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। আমরা একজনকে আটক করেছি। তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঠিক কী ঘটেছে, তা জানতে চেষ্টা করছে গোয়েন্দা দল।’
এদিকে সন্দেহভাজন যাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বয়স ৩১ বছর। পুলিশ বলছে, এর সঙ্গে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের যোগসূত্র নেই।