রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বহুল আলোচিত পাল্টা হামলায় প্রত্যাশার চেয়ে কম সাফল্য এসেছে। আর পশ্চিমাদের ধারণাকে ভুল প্রমাণ করে অনেক বেশি দক্ষতা দেখিয়েছে রাশিয়ার বাহিনী। দুজন পশ্চিমা কর্মকর্তা ও একজন জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা সিএনএনকে এমনটাই বলেছেন।
একজন কর্মকর্তা বলেন, ইউক্রেনের পাল্টা হামলা ‘কোনো সম্মুখযুদ্ধক্ষেত্রেই প্রত্যাশা পূরণ করতে পারেনি’। পশ্চিমাদের মূল্যায়ন অনুযায়ী, রাশিয়ার সম্মুখযুদ্ধের প্রতিরক্ষাব্যবস্থা সুরক্ষিত প্রমাণিত হয়েছে। এই প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে সামনে এগিয়ে যাওয়া ইউক্রেনীয় বাহিনীর জন্য কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া ক্ষেপণাস্ত্র হামলা ও মাইনের মাধ্যমে ইউক্রেনের সাঁজোয়া যান অকেজো করে দেওয়ার মতো সাফল্য দেখিয়েছে রুশ বাহিনী। পাশাপাশি কার্যকরভাবে বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
পশ্চিমা কর্মকর্তাদের একজন বলেন, মাইন পুঁতে রাখায় ইউক্রেনীয় বাহিনীকে ভুগতে দেখা যাচ্ছে। প্রতিরক্ষাব্যবস্থা ধরে রাখার ক্ষেত্রে সক্ষমতা দেখিয়েছে রুশ বাহিনী।
আশাবাদী যুক্তরাষ্ট্র ও মিত্ররা
তবে এই কর্মকর্তারা সতর্ক করে বলছেন, পাল্টা হামলা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইউক্রেনীয় বাহিনী ভূখণ্ড উদ্ধারে সক্ষম হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ‘আশাবাদী রয়েছে’।
পাল্টা হামলার অগ্রগতির বিষয়ে পুরোপুরি মূল্যায়নে অন্তত জুলাই পর্যন্ত অপেক্ষা করতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। চলতি মাসের শুরুর দিকে এই পাল্টা হামলা শুরু করেছিল ইউক্রেনীয় বাহিনী। পশ্চিমা কর্মকর্তাদের একজন বলেন, শেষ পর্যন্ত এই পাল্টা হামলা ইউক্রেন ও রাশিয়ার জন্য ‘কঠিন প্রচেষ্টা’ হিসেবেই দেখা দেবে। উভয় পক্ষেরই ব্যাপক প্রাণহানি ঘটবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন, পাল্টা হামলায় অগ্রগতি ‘প্রত্যাশার চেয়ে ধীর’।
ইউক্রেনকে সহযোগিতার জন্য গঠিত ডিফেন্স কন্টাক্ট গ্রুপের একটি বৈঠক গত সপ্তাহে ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্ক মিলি বলেন, ‘এটা খুবই কঠিন লড়াই। এটি খুবই সহিংস লড়াই। এটি সম্ভবত যথেষ্ট সময় নেবে এবং অনেক ত্যাগস্বীকার করতে হবে।’
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলীয় লিমান ও কুপিয়ানস্ক শহরের দিকে রুশ বাহিনীর হামলা ঠেকিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা। এ ছাড়া দক্ষিণে অগ্রসর হওয়ারও দাবি করেছেন তিনি।
গতকাল শুক্রবার উপপ্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার ইউক্রেন টেলিভিশনকে বলেন, ‘কুপিয়ানস্ক ও লিমান এলাকায় আমাদের ভয়াবহ লড়াই হয়েছে। তবে আমাদের সেনারা শত্রুদের ওই এলাকায় থামিয়ে দিয়েছে।’
ইইউর নিষেধাজ্ঞা
ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার ওপর ১১তম দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছেইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে ৮৭টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠান সরাসরি রাশিয়ার সামরিক বাহিনী ও শিল্প খাতকে সমর্থন করে যাচ্ছে। দ্বৈত ব্যবহার হয়, এমন পণ্য এবং উন্নত প্রযুক্তি রপ্তানিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কড়াকড়ি আরোপ করা হবে।