রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন রুশ প্রতিরক্ষাবিশ্লেষক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। এই প্রেক্ষাপটে চলমান যুদ্ধ নিয়ে রুশ প্রতিরক্ষাবিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ারের সঙ্গে কথা বলেছে আল-জাজিরা। তিনি যুদ্ধের বর্তমান অবস্থার পাশাপাশি শান্তির সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তাঁর মতে, চলতি বছরই এই যুদ্ধ শেষ হতে পারে।
সোভিয়েত একাডেমি অব সায়েন্সেসে জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন পাভেল। রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষানীতি, সামরিক মতাদর্শ, অস্ত্র–বাণিজ্য ও সামরিকশিল্প বিষয়ে তাঁর কাজ রয়েছে। এসব বিষয়ে তিনি অনেক লেখালেখি করেছেন।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা এখন বাড়তে পারে বলে মনে করেন পাভেল। এ প্রসঙ্গে তিনি বলেন, সবকিছু নিয়ে একদম ঠিকঠাক ভবিষ্যদ্বাণী করা যায় না। তবে তিনি বিশ্বাস করেন, এখন এই যুদ্ধের তীব্রতা বৃদ্ধির বিষয়টি আসন্ন। সবাই এখন রুশ আক্রমণ জোরালো হওয়ার কথা বলছেন। এই প্রেক্ষাপটে সম্প্রতি ব্রাসেলসে পশ্চিমা দেশগুলোর সামরিক কমান্ডাররা ইউক্রেনীয় বাহিনীর কীভাবে অগ্রসর হওয়া উচিত, কীভাবে আক্রমণাত্মক হওয়া উচিত, সে সম্পর্কে নানা কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এক বছর আগে কিয়েভের পতনের আশঙ্কার কথা বলেছিলেন। সেই তিনিই এখন বলছেন, রাশিয়া এই যুদ্ধে কৌশলগতভাবে, কারিগরিভাবে হেরে গেছে।
ইউক্রেন কিছু একটা করার জন্য প্রস্তুত হচ্ছে বলে মনে করেন এই রুশ প্রতিরক্ষাবিশ্লেষক। তাঁর মতে, রাশিয়া এই মুহূর্তে গুরুতর আর্থিক সংকটে রয়েছে। দেশটি একই সঙ্গে যুদ্ধক্ষেত্রেও সমস্যার মধ্যে আছে। তবে যুদ্ধক্ষেত্রে আসলে ঠিক কী ঘটতে যাচ্ছে, তা কেউ জানে না। কিন্তু চলতি বছরই এই যুদ্ধ শেষ হতে পারে বলে তাঁর মনে হচ্ছে।
যুদ্ধে শেষ পর্যন্ত কোন পক্ষ জয়ী হবে—এমন প্রশ্নে বেশির ভাগ বিশেষজ্ঞের মতোই মত দেন পাভেল। বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, যুদ্ধে কে জিতবে, তা তিনি জানেন না। কেননা, যুদ্ধটা ফুটবল খেলার মতো। প্রতিবারই অনেকে মনে করেন, এবার ব্রাজিল কাপ জিতবে। কিন্তু ব্রাজিল প্রতিবার জেতে না।
পাভেল বলেন, এখন একটা কথা বেশ উচ্চারিত হচ্ছে। আর তা হলো, যতটা ভাবা হয়েছিল, রাশিয়া আসলে ততটা শক্তিশালী নয়, যা ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে দেখা গেছে। আবার রাশিয়া অতটাও দুর্বল নয়। তাই রাশিয়াকে একদম খারিজ করে দেওয়া যায় না।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন যুদ্ধে গেলেন? এমন প্রশ্নে পাভেল বলেন, এখানে একটি সামরিক কারণ আছে। মস্কোকে নিশানা করে ইউক্রেনে পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঝুঁকি রোধে তিনি এই যুদ্ধে গেছেন।
পুতিনের যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে একটি ভূরাজনৈতিক কারণও আছে বলে মনে করেন পাভেল। তাঁর মতে, ইউক্রেনীয়রা আসলে রাশিয়ারই মানুষ—এমন একটি ধারণা সামনে এনে রুশদের পুনরায় একত্র করার লক্ষ্য নিয়ে যুদ্ধে যান পুতিন। একই সঙ্গে তিনি পশ্চিমা ঐক্যকে দুর্বল করতে চেয়েছেন। পশ্চিমা জোটের মধ্যে একটি বিরোধ সৃষ্টি করতে চেয়েছেন। চেয়েছেন একটি নতুন বহু মেরুর বিশ্বব্যবস্থা গড়তে।
পাভেলের মতে, পুতিন ভেবেছিলেন, রুশ বাহিনী এতটা শক্তিশালী যে তারা খুব দ্রুত ইউক্রেন যুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে যাচ্ছে। এই যুদ্ধ মস্কোর জন্য বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুবিধি নিয়ে আসবে। কিন্তু বাস্তবতা হলো, পশ্চিমারা যেমনটা মনে করেছিলেন, রুশ সামরিক বাহিনী ততটা শক্তিশালী নয়। রুশ বাহিনী আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়।
যুদ্ধের জন্য ইউক্রেনের সাংগঠনিক প্রস্তুতি তুলনামূলক ভালো ছিল বলে মনে করেন পাভেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ ভালো। তা ছাড়া তারা পশ্চিমাদের কাছ থেকে উন্নত অস্ত্রশস্ত্রও পেয়েছে।
যুদ্ধের ক্ষেত্রে বৈশ্বিক যে প্রবণতা, তার থেকে রুশ সামরিক বাহিনী ১০০ বছরের বেশি সময় ধরে বিচ্ছিন্ন ছিল বলে মন্তব্য করেন পাভেল। তিনি বলেন, রুশ সামরিক বাহিনী এখনো ট্যাংক-নির্ভর যুদ্ধের জগতে বসবাস করছে। তারা মনে করে, হাতে প্রচুর ট্যাংক থাকলে যুদ্ধে সহজেই বিজয় চলে আসবে।
পাভেল বলেন, রাশিয়া এই সংঘাতের জন্য বুদ্ধিভিত্তিক, মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত ছিল না। খোদ রুশ সামরিক বাহিনীর লোকেরাও এই যুদ্ধে রাশিয়ার যাওয়ার ধারণাটিকে বাজে বলে মত দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন, যুদ্ধে ইউক্রেনের দিক থেকে রাশিয়া ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে। ইউক্রেনের প্রচুর সেনা রয়েছে। আর ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সমর্থনও থাকবে। কিন্তু যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণকারী রুশ নেতৃত্ব দৃশ্যত স্বপ্নের জগতে বসবাস করছিলেন।