বিক্ষোভ করায় থুনবার্গের বিরুদ্ধে পুলিশি নির্দেশনা অমান্যের অভিযোগ
সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের (২০) বিরুদ্ধে বিক্ষোভকালে পুলিশের নির্দেশনা অমান্যের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে তাঁর অর্থদণ্ড হতে পারে।
গতকাল বুধবার দেশটির সরকারি কৌঁসুলি শার্লট ওটসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ১৯ জুন সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে একটি বিক্ষোভ হয়েছিল। পুলিশ থুনবার্গকে সেখান থেকে সরে আসতে বলেছিল। কিন্তু তিনি সে নির্দেশনা অমান্য করে অপরাধ করেছেন।
মালমো বন্দরে জীবাশ্ম জ্বালানি আনা–নেওয়া বন্ধ করে ওই বিক্ষোভ হয়েছিল। এই কর্মসূচির আয়োজন করেছিল ‘তা তিলবাকা ফ্রামতিদেন’ (ভবিষ্যৎ পুনরুদ্ধার করুন) নামের পরিবেশকর্মীদের একটি সংগঠন।
বুধবার ফ্রামতিদেনের পক্ষ থেকে বলা হয়, তাঁরা ভবিষ্যৎ রক্ষার জন্য কাজ করেছেন। অথচ তাঁদের অপরাধী বানানো হচ্ছে। এর মধ্য দিয়ে প্রকৃত অপরাধকে আড়াল করা হচ্ছে বলে মনে করে সংগঠনটি।
থুনবার্গের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে কৌঁসুলি শার্লট ওটসেন একটি পত্রিকাকে জানিয়েছেন, সাধারণত এমন ঘটনায় অর্থ জরিমানা করা হয়ে থাকে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মালমো জেলা আদালতে চলতি মাসের শেষের দিকে এই মামলার শুনানি রয়েছে।