যুক্তরাষ্ট্র ও চীনের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক মাখোঁর

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ‘অনিশ্চয়তা’ এবং চীনের ‘আধিপত্যের’ বিরুদ্ধে অন্য বড় গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বিরোধের রেশ ধরে গত শুক্রবার তিনি এ মন্তব্য করেন।

এশিয়া সফরের অংশ হিসেবে সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে দেখা করেন মাখোঁ। তাঁরা হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। সিউলের ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে মাখোঁ যুক্তরাষ্ট্র ও চীনকে মোকাবিলায় গণতান্ত্রিক দেশগুলোকে একটি ‘স্বাধীন জোট’ গড়ার আহ্বান জানান।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন, এই দেশগুলোর উচিত এই দুই ‘আধিপত্যবাদী শক্তির’ অনুগত বা পদানত হওয়া এড়িয়ে চলা। প্রতিবেদনে আরও বলা হয়, মাখোঁ মনে করেন, মধ্যম সারির দেশগুলো চীনের আধিপত্যের ওপর নির্ভর করতে চায় না, আবার একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তার কাছেও নিজেদের খুব বেশি সঁপে দিতে রাজি নয়।

এই প্রস্তাবিত জোটের সম্ভাব্য সদস্য হিসেবে মাখোঁ ইউরোপীয় দেশসমূহ, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা এবং ভারতের নাম উল্লেখ করেন। তাঁর মতে, গণতন্ত্র ও আন্তর্জাতিক আইনের মতো বিভিন্ন ইস্যুতে এই দেশগুলোর অভিন্ন লক্ষ্য রয়েছে।