হাঙ্গেরিতে রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্কারের উদ্যোগ সরকারের
রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্কারের জন্য একটি বিল জমা দিয়েছে ক্ষমতাসীন দল টিসজা পার্টি। গতকাল শুক্রবার দেশটির পার্লামেন্টে ওই বিল জমা দেওয়া হয়। হাঙ্গেরির কট্টর ডানপন্থী সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনামলে রাষ্ট্রীয় গণমাধ্যম সরকারের মুখপত্রে পরিণত হয়েছিল বলে দেশে–বিদেশে সমালোচনা রয়েছে।
হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার। তাঁর দল টিসজা পার্টির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্কার করা। গত এপ্রিলের নির্বাচনে টিসজা পার্টি বিপুল জয় পেলে ক্ষমতা ছাড়তে হয় অরবানকে। পার্লামেন্টে সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এখন অরবানের বিভিন্ন সংস্কার বাতিল করতে পারবে দলটি।
গণমাধ্যম সংস্কার বিলের মূল বিষয় হলো হাঙ্গেরিতে স্বাধীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সম্প্রচার ব্যবস্থা আবার প্রতিষ্ঠা করা। এ জন্য রাষ্ট্রীয় গণমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা হবে। একটি স্বাধীন গণমাধ্যম কমিটিও গঠন করা হবে। এই কমিটি রাষ্ট্রীয় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি এর কার্যক্রম ও আর্থিক বিষয় তদারকি করবে। কমিটিতে সরকার ও বিরোধী দলের সমান প্রতিনিধিত্ব থাকবে। বিলে হাঙ্গেরির মিডিয়া কাউন্সিল সংস্কারের বিষয়টিও এসেছে।
বিলের প্রস্তাব অনুযায়ী, সংস্কার কার্যকর হলে বর্তমানে রাষ্ট্রীয় গণমাধ্যমের নেতাদের চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে। নতুন নেতৃত্ব উন্মুক্ত আবেদনপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হবে। এর আগ পর্যন্ত সংস্কৃতিমন্ত্রী জোলতান টার রাষ্ট্রীয় গণমাধ্যমের দায়িত্বে থাকবেন।