রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯
রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে দেশটির একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় উড়োজাহাজে থাকা ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া (আরআইএ)।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল আন-১২ মডেলের সামরিক পরিবহন বিমান। জনবসতিহীন এলাকায় এটি ভেঙে পড়ে।
দুর্ঘটনাস্থল থেকে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আঞ্চলিক গভর্নর ইলিয়া সেরেদিউক বলেন, জরুরি উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তাঁদের প্রধান কাজ এখন দুর্ঘটনার তদন্তে সহায়তা করা।
অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দুর্ঘটনাস্থল দেখা গেছে। ইয়াগুনোভো গ্রামের কাছে ধারণ করা ওই ভিডিওতে সেরেদিউক বলেন, দুর্ঘটনার সময় উড়োজাহাজটি ওই অঞ্চলের ওপর দিয়ে উড়ছিল।