পরমাণু যুদ্ধ নিয়ে মেদভেদেভের সতর্কবার্তা
ইউক্রেনে রুশ বাহিনীর পরাজয় হলে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, প্রচলিত যুদ্ধে পারমাণবিক শক্তির পরাজয় ঘটে পরমাণু যুদ্ধের সূত্রপাত হতে পারে।
বার্তা আদান–প্রদানের অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনীয় সামরিক বাহিনীকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমর্থন নিয়ে আলোচনা করেন মেদভেদেভ। তিনি বলেছেন, পারমাণবিক শক্তিগুলো কখনো বড় যুদ্ধে হারে না; কারণ, এর ওপর তাদের ভাগ্য নির্ভর করে। মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান। তিনি এর আগেও বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষার অধিকার মস্কোর আছে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের হুমকি দিয়েছিলেন।