জুতার আদলে গাড়ির বিশ্ব রেকর্ড
নেদারল্যান্ডসের রাস্তাঘাটে সচরাচর ঐতিহ্যবাহী কাঠের জুতা দেখা যায়। তবে এবার সেই কাঠের জুতার আদলে তৈরি হয়েছে একটি গাড়ি; আর সেটি ঘণ্টায় ১১২ দশমিক ৭৪ কিলোমিটার গতিতে ছুটে গড়ে তুলেছে নতুন রেকর্ড। এটিই এখন বিশ্বের দ্রুততম মোটরচালিত কাঠের জুতা।
নেদারল্যান্ডসের ব্রেডা আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৪ সালের ৪ এপ্রিল রেকর্ডটি করা হয়। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি এর স্বীকৃতি দিয়েছে। গত বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে।
ব্রেডা বিমানবন্দরে গাড়িটি চালিয়েছেন দেশটির টেলিভিশন উপস্থাপক ক্লাস ভান ক্রুয়িস্টুম। ‘বিশ্বের দ্রুততম বাগানের ঘর’ তৈরির রেকর্ডধারী যুক্তরাজ্যের কেভিন নিকসের সহযোগিতায় একদল ডাচ টেলিভিশনকর্মী গাড়িটি তৈরি করেন।
গাড়িটি দেখতে কাঠের বিশাল এক জুতার মতো হলেও এর ভেতরে ছিল বৈদ্যুতিক গো-কার্টের (ছোট রেসিং গাড়ি) কাঠামো।
বাইরের অংশ তৈরি করা হয়েছে ফাইবারগ্লাস, পলিয়েস্টার ও তারের জাল দিয়ে। ফলে দূর থেকে দেখলে মনে হবে, যেন কাঠের একটি বিশাল জুতা ছুটে চলছে।
রেকর্ড গড়ার দিন আবহাওয়াও খুব একটা অনুকূলে ছিল না। ব্রেডা বিমানবন্দরে ছিল প্রবল বাতাস, সঙ্গে থেমে থেমে বৃষ্টি। এর মধ্যেই ১০০ মিটার দীর্ঘ এক পথে গাড়িটির গতি পরীক্ষা করা হয়। ক্লাস ভান ক্রুয়িস্টুমকে গাড়িটি তিনবার চালাতে হয়েছে।
প্রথমবার সেটির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৮২ দশমিক ৫১ কিলোমিটার। দ্বিতীয়বার গতি বেড়ে হয় ১১২ দশমিক ৭৪ কিলোমিটার। তৃতীয়বারও প্রায় একই ১১২ দশমিক ৫৪ কিলোমিটার। তিনবারের মধ্যে সর্বোচ্চ গতিটিই রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়েছে।
ক্লাস ভান ক্রুয়িস্টুমের টেলিভিশন অনুষ্ঠানের নাম ‘ক্লাস কান আলেস’, যার অর্থ ‘ক্লাস সবকিছু করতে পারেন।’ অনুষ্ঠানটির ১১টি মৌসুমে তাঁকে নানা অদ্ভুত যানবাহন চালাতে দেখা গেছে। এর মধ্যে ছিল দ্রুততম বাগানের ঘর, দ্রুততম এক চাকার মোটরসাইকেল এবং সবচেয়ে বড় টেট্রাপড এক্সোস্কেলেটন (চার পায়ের রোবোটিক কাঠামো)।
রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত ক্লাস ভান ক্রুয়িস্টুম বলেন, ‘কৌতূহল মতো কাজ করলে রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে দারুণ সব অভিযানে যাওয়া যায়। এই রেকর্ড নিয়ে আমি গর্বিত।’