পুতিনের বন্ধুকে সহযোগিতার দায়ে দণ্ডিত হলেন ৪ ব্যাংকার

ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বন্ধু সের্গেই রোলদুগিন
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বন্ধুকে সুইস ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা করার সুযোগ করে দেওয়ায় দেশটির চার ব্যাংকার দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁরা রাশিয়ার গাজপ্রমব্যাংকের জুরিখ শাখার সাবেক নির্বাহী। তাঁদের সাত মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।

খবরে বলা হচ্ছে, ‘পুতিনের ওয়ালেট’ নামে পরিচিত সংগীতশিল্পী সের্গেই রোলদুগিনকে সাহায্য করেছিলেন তাঁরা।

রোলদুগিন ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ৩ কোটি ডলার জমা দিয়েছেন। এই অর্থ কোথা থেকে এসেছে, তার কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যা তিনি দেননি।

সুইস আইন অনুযায়ী, হিসাবধারী বা অর্থের উৎস সম্পর্কে সন্দেহ থাকলে ব্যাংককে সেসব হিসাব বাতিল বা বন্ধ করে দিতে হবে।

রোলদুগিন একজন সেলুবাদক। তিনি পুতিনের বড় মেয়ে মারিয়ার যন্ত্রশিক্ষাগুরু। প্রেসিডেন্ট পুতিন তাঁকে অর্ডার অব আলেকজান্ডার নেভস্কিও পুরস্কারে ভূষিত করেন। পুরস্কারটি ঘোষণা করে রাশিয়ান ফেডারেশন।

দোষী সাব্যস্ত হওয়া চার ব্যাংকারের মধ্যে তিনজন রাশিয়ার এবং একজন সুইস নাগরিক। সুইজারল্যান্ডের সংবাদ প্রচার নীতিমালা অনুসারে তাঁদের নাম প্রকাশ করা হয়নি। তাঁরা বলেছেন, তাঁরা সুইস আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

রুশ সংগীতশিল্পী মিলিয়ন ডলার নিয়ে যখন হাজির হয়েছিলেন, তা নিয়ে এই চার ব্যাংকারের সন্দেহ হয়েছিল কি না, তা জুরিখ আদালত প্রমাণ করতে পারেননি। কিন্তু রায়ে বলা হয়েছে, তাঁদের (ব্যাংকার) সন্দেহ হওয়া উচিত ছিল এবং তাঁরা তা করতে ব্যর্থ হয়েছেন।

২০১৬ সালে পানামা পেপার্সেও পুতিন ও রোলদুগিনের আর্থিক লেনেদেনের বিষয়টি প্রকাশ পায়। বিবিসি প্যানোরামাসহ ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেশন জার্নালিস্টরাও এ তথ্য উন্মোচন করেছিল।

২০১৪ সালে এই সংগীতশিল্পী নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, তিনি কোটিপতি নন।

জুরিখ আদালতের বিচারক বলেছেন, রোলদুগিন যে অর্থ জমা করেছিলেন, তার প্রকৃত মালিক যে তিনি নন, বিষয়টি প্রশ্নাতীত। তিনি বলেন, ‘যাঁরা অ্যাকাউন্ট খুলেছিলেন, তাঁদের প্রশ্ন করা উচিত ছিল ব্যাংকারদের, রোলদুগিনের এই অর্থের উৎস কী?’

রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে গুজব রয়েছে যে তাঁর বিপুল সম্পদ রয়েছে এবং এর কিছু তিনি বিদেশে বিনিয়োগও করেছেন।