রাশিয়ার হিসাবেই ইউক্রেন যুদ্ধে ৫ লাখ সেনার মৃত্যু তথ্য আছে: বিবিসির প্রতিবেদন
ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন সেনা নিহত হয়েছেন। রুশ সরকারের পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসি এ তথ্য জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান রোসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, ইউক্রেনে পুরোদমে হামলা শুরুর পর থেকে রাশিয়ার মানুষের মৃত্যুর ধরন পুরোপুরি বদলে গেছে। ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন এই যুদ্ধ মাত্র কয়েক দিনেই শেষ হয়ে যাবে। কিন্তু সেই যুদ্ধ প্রায় পাঁচ বছরে গড়িয়েছে। এতে রাশিয়ার কত মানুষকে যে প্রাণ দিতে হয়েছে, এই পরিসংখ্যানেই তা স্পষ্ট হয়ে উঠেছে।
২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মানুষের মৃত্যুর রেকর্ড হাতে পেয়েছে বিবিসি রাশিয়া। বেলারুশের ‘সাইবার পার্টিজানস বিওয়াই’ আর ইউক্রেনের ‘সাইলেন্ট ক্রো’ নামের দুটি হ্যাকার দল এসব তথ্য হ্যাক করেছিল। রাশিয়ার পরিসংখ্যান অফিস সাইবার হামলার কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, কোনো গোপন তথ্য ফাঁস হয়নি।
রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনার সঙ্গে মিলে বিবিসি রাশিয়া রোসস্ট্যাটের এসব তথ্য মিলিয়ে দেখেছে। যুদ্ধ শুরুর পর থেকে উন্মুক্ত নানা জায়গার তথ্য নিয়ে তারা নিহত সেনাদের একটি নিজস্ব তালিকা বানিয়েছিল। রোসস্ট্যাটের তথ্যের সঙ্গে সেই তালিকা মিলিয়ে দেখা গেছে, ৯০ শতাংশ নামই মিলে যাচ্ছে।
এই রেকর্ড বলছে, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী যত তরুণ মারা গেছেন, তাঁদের ৬৫ শতাংশই যুদ্ধে মারা গেছেন। আর ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই সংখ্যাটা ৫৯ শতাংশ। শুধু ৪৫ থেকে ৫৪ বছর বয়সী মানুষের মধ্যে যুদ্ধের চেয়ে হার্টের অসুখে বেশি মানুষ মারা গেছেন।
ইউক্রেনের কিছু নির্দিষ্ট জায়গায় রাশিয়ার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও এই তথ্যে বেরিয়ে এসেছে। ইউক্রেনের এমন ১০টা গ্রাম দখল করতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন, যেসব গ্রামে যুদ্ধের আগে মোট মানুষ থাকত মাত্র ১২ হাজার।
দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে আন্দ্রিভকা নামের ছোট্ট একটি গ্রাম আছে। এই গ্রামের দখল নিতে গিয়ে ১ হাজার ১২২ জন রুশ সেনা প্রাণ হারিয়েছেন। অথচ যুদ্ধের আগে ওই গ্রামে মাত্র ৭৪ জন মানুষ বাস করতেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া কখনো তাদের কত সেনা মারা গেছে, তার কোনো সরকারি হিসাব দেয় না। এমনকি দুই বছর আগে রোসস্ট্যাট বাইরের কোনো কারণে মৃত্যুর তথ্য দেওয়াও বন্ধ করে দিয়েছে। আসলে এই হিসাব দেখেই যুদ্ধে কত সেনা মারা গেছে, তা বোঝা যেত।
উদাহরণ হিসেবে বলা যায়, পূর্ব ইউক্রেনের দখল করা দোনেৎস্ক আর লুহানস্ক অঞ্চলের অনেকেই রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করেছেন। তাদের মধ্যে কতজন মারা গেছেন, তার একটা হিসাব বের করা হয়েছে। কিন্তু রোসস্ট্যাটের রেকর্ডে তাদের মাত্র ৭০ শতাংশের নাম পাওয়া গেছে।