জাতিসংঘের পরিদর্শকদের বিভ্রান্ত করার অভিযোগ
রাশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের পরিদর্শকদের বিভ্রান্ত করার এবং তাঁদের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ‘প্রকৃত অবস্থা’ জানতে বাধা দেওয়ার অভিযোগ করেছে কিয়েভ। খবর দ্য গার্ডিয়ান–এর।
ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর এনারগোতাম বলেছে, রুশ কর্মকর্তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মিশনকে রুশ-নিয়ন্ত্রিত বিদ্যুৎকেন্দ্রের প্রকৃত অবস্থা জানতে বাধা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে।
এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, সফর সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়েছে মস্কো। গত বৃহস্পতিবার দুপুরে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দল। গোলাবর্ষণ ও দুই পক্ষের লড়াই চলার মধ্যেই জাতিসংঘের বিশেষজ্ঞ দল সেখানে গেছে।
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি গত মার্চ থেকে রাশিয়ার দখলে আছে। এর আশপাশে গোলা নিক্ষেপের জন্য একে অপরকে দায়ী করে আসছে রাশিয়া ও ইউক্রেন। এ অবস্থায় চেরনোবিলের মতো রেডিয়েশন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।