সবচেয়ে ছোট কুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে ছোট কুকুর পার্ল
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে

কুকুরটির বয়স দুই বছর। বয়স হলেও বেড়ে ওঠেনি কুকুরটি। এর উচ্চতা ৩ দশমিক ৫৯ ইঞ্চি। আর ৫ ইঞ্চি লম্বা এটি। কুকুরটির আকার বোঝার জন্য একে টেলিভিশনের রিমোর্ট কিংবা মার্কিন মুদ্রা ডলারের সঙ্গে তুলনা করা যেতে পারে। বলা হচ্ছে, কুকুরটি টেলিভিশনের রিমোটের চেয়ে পাতলা। আর ডলারের সমান লম্বা।

কুকুরটির নাম পার্ল। ২০২০ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কুকুরের বয়স ২ বছর ৭ মাসের একটু বেশি। এই বয়সে শারীরিক এই আকারের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে পার্ল। ১০ এপ্রিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ নিয়ে কুকুরটির ছবি পোস্ট করে টুইট করেছে। এতে তারা লিখেছে, বিশ্বের সবচেয়ে ছোট কুকুর পার্লের সঙ্গে পরিচিত হোন।

পার্লকে নিয়ে আরও কিছু তথ্য দেওয়া যেতে পারে। বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি আরেকটি গল্প রয়েছে পার্লের। জানা গেছে, মিরাকল মিলির আত্মীয় হলো পার্ল। এখন প্রশ্ন উঠতে পারে, এই মিরাকল মিলিটা আবার কে? এর জবাবে বলা যায়, পার্লের আগে মিরাকল মিলির পকেটে ছিল বিশ্বের সবচেয়ে ছোট কুকুরের খেতাব। মিরাকল মিলি ও পার্ল—এই দুটি কুকুরই চিহুয়াহুয়া জাতের কুকুর।

মিরাকল মিলি জন্ম নিয়েছিল ২০১১ সালে। এটি ছিল ৩ দশমিক ৮ ইঞ্চি লম্বা। ২০২০ সালে মারা গেছে কুকুরটি। ওজন ছিল ১ পাউন্ড।

এদিকে সম্প্রতি পার্লকে সামনে এনেছে ইতালির একটি টিভি অনুষ্ঠান। অনুষ্ঠানটির নাম লো শো দেই রেকর্ড। অনুষ্ঠানে কুকুরটির মালিক ভেনেসা স্মেলারও এসেছিলেন। বেশ শান্ত কুকুরটিকে যখন মঞ্চে নেওয়া হয়, তখনো মোটামুটি ভাবলেশহীন ছিল। অনুষ্ঠানে স্মেলার জানান, পার্ল বেশ দামি খাবার খায়। এটিকে সাধারণ স্যামন মাছ ও মুরগির মাংস খেতে দেওয়া হয়। এ ছাড়া সুন্দর পোশাক পরতে ভালোবাসে পার্ল।

পার্লের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো প্রসঙ্গে স্মেলার বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে পার্ল আমাদের।’ এ ছাড়া গিনেস রেকর্ডে নাম লেখাতে পেরেও আনন্দিত তাঁরা।