এক রাতে ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

ড্রোন পরিচালনা করছেন ইউক্রেনের এক সেনাফাইল ছবি: এএফপি

রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা রাতভর ইউক্রেনের পাঠানো ৬৬০টি ড্রোন ভূপাতিত করেছে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর এক রাতে এত ড্রোন ভূপাতিত করার ঘটনা বিরল।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কো, রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণসাগর, আজভ সাগরসহ এক ডজনের বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাজধানীমুখী অন্তত ৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে জরুরি সেবা বিভাগের কর্মীরা কাজ করছেন। তবে এতে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তিনি দেননি।

মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও বড় ধরনের ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ। তিনি বলেন, শেচকিনো জেলার একটি বসতি এলাকায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এক নারী আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইউক্রেন। বিশেষ করে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ক্রেমলিনের গুরুত্বপূর্ণ আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হয়।

গত সপ্তাহে ইউক্রেনের এক হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লেগেছিল।