ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একটি সেতু ও বাড়িঘর। ইউক্রেনের খারকিভ অঞ্চলের লিপ্তসি গ্রামে, ২৭ জানুয়ারি ২০২৫।ফাইল ছবি রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্ব ও উত্তর-পূর্ব দিকের আরও দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের নোভোমলিনস্ক নামের একটি গ্রাম দখল করেছেন। ওস্কিল নদী পার হয়েই রুশ সেনারা গ্রামটি দখল করেছেন। এত দিন পর্যন্ত নদীটির দুই তীর দুই দেশের সেনাদের দখলে ছিল।

গ্রামটি খারকিভের পূর্ব দিকে অবস্থিত। এ অঞ্চলের কয়েকটি স্থানের রণক্ষেত্রের সম্মুখভাগ (ফ্রন্টলাইন) এসে মিলেছিল এই গ্রামে। সম্প্রতি ওস্কিল নদীর ওপর রুশ সেনারা একটি সাময়িক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন।

রুশ বাহিনীর দখল করা দ্বিতীয় গ্রামটির নাম বারানভকা। এটি ওচেরেটিন শহরের উত্তরে অবস্থিত। কয়েক মাস চেষ্টার পর গ্রামটি দখল করল রুশ বাহিনী।

ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করছে রাশিয়া।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হবে ২৪ ফেব্রুয়ারি। এখন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে উভয় পক্ষ রণক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করছে।

গত কয়েক মাসে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি বেড়েছে। ইউক্রেনের সেনারা আপ্রাণ চেষ্টা করছেন, রুশদের অগ্রগতি ঠেকাতে।