শিয়াল তাড়িয়ে সাহস দেখাল বিড়াল ল্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাউনিং স্ট্রিটের বিড়াল ল্যারি
ছবি : টুইটার থেকে

যুক্তরাজ্যের ডাউনিং স্ট্রিটে বিড়াল ল্যারি তার কর্মকাণ্ডের জন্য বেশ জনপ্রিয়। ল্যারি নিজের কর্মজীবনের এক দশক পূর্ণ করেছে গত বছর। ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ও বাসভবনে ইঁদুর দমনের দায়িত্ব ল্যারির ওপর। ল্যারি কেবিনেট অফিসে ‘চিফ মাউসার’ বা প্রধান ইঁদুর দমনকারী হিসেবে পরিচিত। কিন্তু সম্প্রতি ল্যারির প্রচণ্ড সাহস ধরা পড়েছে একটি ভিডিওতে। প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে একটি খ্যাঁকশিয়ালকে ধাওয়া করে তাড়িয়েছে ল্যারি। খবর দ্য গার্ডিয়ান–এর।

ভিডিও চিত্রে দেখা যায়, একটি শিয়াল ফুটপাত দিয়ে এগিয়ে চলেছে। তার গতিবিধি ল্যারির ভালো লাগেনি। সে শিয়ালটির পিছু নেওয়া শুরু করে। কিছুক্ষণ পরই সে শিয়ালটিকে তাড়া করে পাশে থাকা বেড়া পার করে দেয়। এরপর দ্রুত শিয়ালটির পেছনে ছুটতে থাকে। শিয়ালটিও ল্যারির আক্রমণে ভয় পেয়ে ছুটে পালাতে শুরু করে। ল্যারিও দ্রুত বেগে তাকে তাড়া করে।

২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি লন্ডনের ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে ল্যারিকে ইঁদুর দমনের জন্য নেওয়া হয়। এরপর থেকে তার ঠিকানা ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। দীর্ঘ কর্মজীবনে ‘চিফ মাউসার’ পদ অর্জন করেছে ল্যারি। ল্যারি তার কর্মজীবনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, থেরেসা মে, বরিস জনসন ও সর্বশেষ লিজ ট্রাসের অধীনে কাজ করছে। ল্যারির প্রথম গৃহকর্তা ডেভিড ক্যামেরন বলেছিলেন, প্রথম দিকে ল্যারি তিনটি ইঁদুর মেরেছিল। কেবিনেট অফিসের কাছে সরাসরি সম্প্রচারের সময় বড় একটি কালো ইঁদুর দেখার পর থেকে ল্যারিকে ইঁদুর দমনে নিয়োগ করা হয়। এর আগে এ কাজে নিযুক্ত ছিল হামফ্রি নামের একটি বিড়াল। ১৯৯৭ সালে বিড়ালটি অবসরে যায়।

ডাউনিং স্ট্রিটের ওয়েবসাইটে বলা হয়, ল্যারি তার বেশির ভাগ সময় কাটায় অতিথিদের অভ্যর্থনায়। এ ছাড়া প্রতিরক্ষা পর্যবেক্ষণ ও ঘুমানোর জন্য অ্যান্টিক আসবাব পরীক্ষা করার কাজও করে থাকে সে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরেও ২০১৬ সালে চিফ মাউসার পদে পালমারস্টন নামের একটি বিড়ালকে নিয়োগ দেওয়া হয়েছিল। ল্যারিকে প্রায়ই পালমারস্টনের সঙ্গে ঝগড়া করতে দেখা যেত। ২০২০ সালে পালমারস্টন অবসরে যায়।

আরও পড়ুন
আরও পড়ুন