ইউরোপের সঙ্গে কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া: পুতিন
ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া। কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ হামলার বিষয়ে সতর্ক করার পর গতকাল শুক্রবার এ কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাছে উত্তেজনা বাড়ানোর কোনো বাস্তবসম্মত কারণ নেই। ইউরোপের যেসব দেশ হামলার সতর্কতা দিয়েছে, তাদের সমালোচনা করেন তিনি।
সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের পুতিন বলেন, ‘ইউরোপের অনেকেই সেখানে রুশ হামলার আশঙ্কার কথা বলছেন। এ কারণে তাঁরা মনে করছেন, তাঁদের নিজেদেরও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।’
পুতিন আরও বলেন, ‘আমি আবারও জোর দিয়ে বলতে চাই, আমরা ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছি না।’
চলতি মাসের শুরুতে জার্মানি অভিযোগ করে, গত আগস্টে দেশটির লাইপজিগ বিমানবন্দরে একটি ড্রোন হামলার পরিকল্পনা করেছিল মস্কো। পোল্যান্ড সতর্ক করে বলেছে, ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর ওপর রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।
এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার বিষয়ে রাশিয়া নিজেদের অবস্থান পর্যালোচনা করছে বলেও জানান পুতিন।
আলোচনা পুনরায় শুরুর প্রস্তাবের বিষয়ে পুতিন বলেন, ‘হ্যাঁ, সব প্রস্তাবই আলোচনার টেবিলে আছে।সবকিছুই সম্ভব। তবে তারা যা করেছে, তার জবাবে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা আমরা সতর্কতার সঙ্গে বিবেচনা করব।’